সরাইলে দুই ভাইয়ের বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে বড় বোনের রহস্যজনক মৃত্যু
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে বড় বোন জরিনা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জরিনা উপজেলার পানিশ্বর ইউপির টিঘর গ্রামের প্রবাসী ছৈয়দ আলীর স্ত্রী। তিনি চার কন্যা সন্তানের জননী ছিলেন।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউপির তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সহ স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছলে নিহতের পিতার বাড়ির লোকেরা দাবি করেন, সন্ধ্যায় জরিনা মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জরিনা বেগমের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেশীরা প্রকাশ্যে কেউ কিছু বলতে রাজী না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক তেরকান্দা গ্রামের একাধিক নারী ও পুরুষ জানান, নিহত জরিনার ছোট তিন ভাই কাইয়ুম, ওয়াসিম ও ইকবাল। ভাই কাইয়ূম প্রবাস থেকে ফিরেছেন মাত্র তিন দিন আগে। কাইয়ুমের শ্বশুরবাড়ি তেরকান্দা গ্রামেই। সপ্তাহখানেক আগে বড় ভাই কাইয়ুমের শ্যালিকা মাদ্রাসা ছাত্রী মোস্তারিনকে পালিয়ে বিয়ে করেন ছোট ভাই ইকবাল। এ নিয়ে কাইয়ুমের শ্বশুর শরিফুল ইসলাম মামলা না করলেও গ্রামের সর্দারদের কাছে বিচার প্রার্থী হন। তিন আগে কাইয়ুম বাড়িতে ফিরে তার শ্বশুরের পক্ষ নিয়ে ছোট ভাই ইকবাল সঙ্গে বিরোধে জড়ান। এতে ইকবালের পক্ষ নেন ভাই ওয়াসিম।
শনিবার সন্ধ্যায় এ নিয়ে বাড়িতে সালিশ-বৈঠক হওয়ার কথা ছিল। ভাইয়ের মধ্যে শান্তি বিরাজের লক্ষ্যে বড় বোন স্বামীর বাড়ি থেকে দুপুরে বাবার বাড়িতে আসেন। সন্ধ্যায় এ নিয়ে সালিশ বসার আগ মূহুর্তে ইকবালের বিষয়টি নিয়ে অপর দুই ভাই কাইয়ুম ও ওয়াসিমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় উত্তেজিত দুই ভাইকে থামাতে গিয়ে বড় বোন মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে জানতে শনিবার রাত আট’টায় সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে যোগাযোগ করলে কর্তব্যরত চিকিৎসক কাজী শামসুল আরেফিন জানান, সন্ধ্যা ৬.৩০মিনিটে কয়েকজন লোক জরিনা বেগম নামে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এখানে আসার আগেই এই নারীর মৃত্যু হয়েছে বলে জানালে দুইজন লোক উত্তেজিত হয়ে কাকে মেরে ফেলবে বলে বাড়ির দিকে দৌড় দেন। ওই নারীর একটি ইসিজি করতে বলে ছিলাম। কিন্তু তারা তাড়াহুড়ো লাশ নিয়ে চলে গেলেন, ভালোভাবে নাম ও ঠিকানাও লিখা সম্ভব হয়নি।
সরাইল থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দে জানান, নিহত জরিনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ভাইয়েরা দাবি করেছেন জরিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।










