মানুষের মনের পরিবর্তন না হলে পুলিশ দিয়ে দাঙ্গা রোধ সম্ভব নয়
আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, সমাজে দাঙ্গা চলতে থাকলে প্রত্যেক মানুষের শরীরে পচন ধরে যাবে। মানুষের মনের পরিবর্তন না হলে পুলিশ দিয়ে দাঙ্গা রোধ সম্ভব নয়। রোববার জেলার সরাইল থানা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র সভাপতিত্বে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার আরও বলেন, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই ‘সরাইল’ দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত লাভ করতে পারে না। ১৭ কোটি মানুষের এই দেশে পুলিশ আছে মাত্র সোয়া দুই লক্ষ। প্রশাসন মানুষের জন্য সেবা। মনের পরিবর্তন না হলে এখানে পাঁচ হাজার পুলিশ দিলেও চিরতরে দাঙ্গা রোধ সম্ভব হবেনা। দাঙ্গার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, আজকে যারা সমাজে দাঙ্গা -ফ্যাসাদ সৃষ্টি করে রেখেছে, তাদের ভবিষ্যত ফলাফল শুভ নয়। ইন্দনদাতাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এক্ষেত্রে একবারের ভুলও কাউকে ক্ষমা করা হবেনা। সুন্দর সমাজ গড়তে হলে সদিচ্ছার প্রয়োজন। প্রশাসন সৎ ও ন্যায়ের সঙ্গে আছে, কোন অসৎ লোকের ছাড় নেই।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনায় দাঙ্গা প্রবণতা বেড়েছে। দাঙ্গা দমন করতে গিয়ে এখানকার নবাগত ওসি সাহাদাত হোসেন টিটো রক্তাক্ত জখম হওয়া সহ কয়েকজন পুলিশ অফিসার আহত হন। এ ঘটনার পর থেকে এখানকার দাঙ্গা কঠোর হস্তে রোধ করার নানা কার্যকরী পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন।










