সম্পর্ক ভাঙায় প্রেমিকার বাবাকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠিয়ে যুবক কারাগারে
সম্পর্ক আর বয়ে নিয়ে যেতে চান না প্রেমিকা। সে কারণে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন প্রেমিক। তার পরেও ক্ষান্ত না হয়ে প্রেমিকার বাবাকেও সেসব ছবি পাঠিয়ে দেন এক যুবক! অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে ভারতের বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গেছে, হুগলির রিষড়ায় বাড়ি তার। সাবেক প্রেমিকা থাকেন বিধাননগর কমিশনারেট এলাকায়। ২০১১ সাল থেকে দু’জনের সম্পর্ক। বেশ কয়েকবার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠও হয়েছিলেন মোহিত শর্মা নামে ওই যুবক। তরুণীর পরিবারের দাবি, সম্প্রতি দু’জনের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়। আর তার পরই প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন মোহিত। এমনকি হোয়াটসঅ্যাপ মারফত সেই ছবি পাঠানো হয় ওই তরুণীর বাবাকেও!
বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন তরুণীর পরিবারের লোকজন। মোহিত শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায়। অভিযোগ পাওয়া মাত্রই কড়া পদক্ষেপ নেয় পুলিশ। সোমবার রাতে হুগলির রিষড়া থেকে অভিযুক্ত মোহিত শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তকারীরা বলছেন, দেখা হওয়ার অল্প কয়েকদিনের মধ্যে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় মোহিত। রাজিও হয়ে যান তিনি। গত কয়েক বছর ধরে অবাধে মেলামেশা করেছেন দু’জন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। কিন্তু মোহিতকে বিয়ে করতে রাজি ছিলেন না ওই তরুণী।
বিয়ের কথা উঠতেই সম্পর্কে ইতি টানেন ওই তরুণী। প্রেমিকার প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি মোহিত। প্রতিশোধ নেওয়ার জন্য ওই তরুণীর বাবার কাছে মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠিয়ে দেন। তবে দীর্ঘদিন প্রেম করার পর কেন প্রেমিককে বিয়ে করতে অস্বীকার করেছিলেন ওই তরুণী? তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের লোকজন।










