পুলিশের ১০ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান : অপহৃত মাদরাসা ছাত্র বায়েজিদ উদ্ধার, গ্রেপ্তার-৩
মাহবুব খান বাবুল : দশ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহৃত মাদরাসা ছাত্র বায়েজিদ মোস্তাকিম (১৩) কে জীবিত উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। কৌশলে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের মূল হোতা সহ তিন সদস্যকে। অপহরণের ছয়দিন পর শনিবার সকাল দশটা থেকে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে রাত আটটায় শহরের পাইক পাড়া নামক স্থান থেকে উদ্ধার করা হয় বায়েজিদকে। তিন অপহরণকারী গ্রেপ্তার ও বায়েজিদ উদ্ধারের খবরে স্বস্থ্যি ফিরে এসেছে তার পরিবার সহ গোটা সরাইলে। পাঁচ লাখ টাকার জন্য বায়েজিদকে অপহরণের কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। অপহরণকারীদের ফাঁসির দাবিতে মিছিল হয়েছে থানা চত্বরে। পুলিশ জানায়, বায়েজিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের প্রবাসী রকিব মিয়ার ছেলে। সে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া মারকাজুত তাহফিজ হাফেজিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় বর্ষের ছাত্র। গত সোমবার বিকেলে সদর ইউনিয়নের উচালিয়া পাড়া মোড় থেকে অপহরণ হয় সে। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দুই দফায় বিকাশের মাধ্যমে দেওয়া হয় ৩০ হাজার টাকা। তারপরও কোন কুলকিনারা হয়নি। গত মঙ্গলবার শিশুটির মা রোজিয়া বেগম সরাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কাজ শুরু করে পুলিশ। জেলা পুলিশের উর্ধ্বতন কর্তা ব্যক্তিরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি সহযোগীতা দিতে থাকেন। প্রযুক্তির মাধ্যমেই গত শনিবার অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে সরাইল থানা পুলিশ। ওইদিন সকাল দশটা থেকে বায়েজিদকে উদ্ধারের কাজে নামে সরাইল ও আখাউড়া থানা পুলিশ। বিকাশে টাকা দেওয়ার ফাঁদে ফেলে এস আই আবদুল আলীম আখাউড়ার লাল বাজার থেকে প্রথমে গ্রেপ্তার করেন এই অপহরণের মূল হোতা সদর উপজেলার সুহিলপুরের হাশেম মিয়ার ছেলে ফুলক বাবু (২০) ও সরাইল সৈয়দটুলা গ্রামের মোঃ হৃদয় মিয়া (১৯) কে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ, এস আই আবদুল আলীম বায়েজিদকে উদ্ধারের অভিযান শুরু করেন। বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে তারা শিশুটিকে পাননি। পরে তারা আস্তে আস্তে জেলা শহরের দিকে আসতে থাকেন। রাত সাড়ে সাতটায় পুলিশ ওই চক্রের আরেক সদস্য মোঃ মশিউর রহমান শুভ (২০) কে কাউতলি এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশু বায়েজিদকে রাত আটটায় শহরের পাইক পাড়া মহল্লার পানির ট্যাংকির কাছ থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ খবর পেয়ে আনন্দে ভাসতে থাকে বায়েজিদের পরিবার। স্বস্থ্যির নিঃশ্বাস ফেলেছে সরাইল বাসী।
গ্রেপ্তারকৃত তিনজনই পাঁচ লাখ টাকার জন্য শিশু বায়েজিদকে অপহরণের দায় স্বীকার করেছে। গতকাল রোববার সকাল থেকে সহস্রাধিক উৎসুক জনতা হাজির হয় থানায়। এর আগে থানার বাহিরে অপহরণকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন। সকাল সাড়ে এগারটার দিকে কড়া পুলিশ প্রহরায় তাদেরকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, এরা অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। এদের গডফাদার ও সিন্ডিকেটের তথ্য উৎঘাটনের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছি। জড়িত অন্যদের দ্রুতই গ্রেপ্তার করব।











