ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের ঘটনায় দু পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত৩০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ৩০জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সৈয়দটুলা গ্রামে খন্দকার মহল্লা ও ফকির পাড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুল মিয়ার ছেলে মোয়াজ্জেম (১৯) সরাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তার সহপাঠীকে স্কুলে যাবার পথে বিভিন্ন সময় ইভটিজিং করত। এ নিয়ে মোয়াজ্জেমের পরিবারের কাছে বিচার দেয়া হলে মোয়াজ্জেমের লোকজন ছাত্রীর পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ নিয়ে দু পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংঘর্ষকালে পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নুরুল হক, ৫ কনস্টেবল সহ ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে । পরে ১০/১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে । ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।










