শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলের দুই ইউনিয়নে স্বস্তি

B Baria Mapব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ও কালীকচ্ছ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও স্থানীয় গণ্যমান্য বক্তিদের দিনভর সালিস বৈঠকের মধ্য দিয়ে অবশেষে স্বস্তি ফিরে আসে।
সরেজমিনে জানা যায়, স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায়  বুধবার কালীকচ্ছ ঈদগাহ মাঠে সালিস বৈঠক বসে।
সাংসদের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিসে কয়েক হাজার লোক সমবেত হন। বিকেল পাঁচটার দিকে সালিস থেকে ঘোষণা করা হয় নোয়াগাঁও ইউনিয়নবাসী ৮ লাখ ৫ হাজার টাকা জরিমানা দেবেন কালীকচ্ছ ইউনয়নের ক্ষতিগ্রস্ত সূর্যকান্দি গ্রামের লোকদের। আর কালীকচ্ছ ইউনিয়নবাসী নোয়াগাঁও ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরিমানা হিসেবে দেবেন ৪ লাখ ১০ হাজার টাকা। আগামী ১৫ দিনের মধ্যে উভয় পক্ষ এ টাকা পরিশোধ করবে। সালিসে উভয় ইউনিয়নের মাতব্বরেরা অঙ্গীকার করেন তাঁরা আর সংঘর্ষে লিপ্ত হবেন না। পরে তাঁরা শান্তির জন্য মোনাজাত করেন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে গত রোববার দুই ইউনিয়নের বাসিন্দারা ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে পুলিশের আট সদস্যসহ উভয় ইউনিয়নের দুই শতাধিক লোক আহত হন। এ সময় সূর্যকান্দি গ্রামের অন্তত পাঁচটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
গত সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। গ্রেপ্তার এড়াতে উভয় ইউনিয়নের পুরুষেরা এলাকা ছেড়ে চলে যান। টানা তিন দিন কালীকচ্ছ বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে।
সরাইল থানার ওসি মো. আলী আরশাদ জানান, দুই ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে। তাই এখন মামলার আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না।