শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বিবদমান দুই ইউনিয়নের নিস্পত্তি সভা আজ : দ্বিতীয় দিনেও বন্ধ মার্কেট, পুলিশি টহল অব্যাহত

folo-upমাহবুব খান বাবুল : সরাইলে বিবদমান নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নের বাসিন্ধাদের মধ্যে সৃষ্ট সংঘর্ষের নিস্পত্তি সভা আজ (বুধবার)। স্থানীয় এমপি ও সরাইল সদরের সালিসকারকদের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে এ নিস্পত্তি সভার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালও দ্বিতীয় দিনের মত বন্ধ ছিল কালিকচ্ছ বাজারের মার্কেট গুলো। তবে আপোষ নিস্পত্তির সংবাদে স্বস্থ্যি ফিরে এসেছে এলাকার নিরীহ মানুষদের মনে। ওই এলাকায় এখনো অব্যাহত রয়েছে পুলিশি টহল। স্থানীয় লোকজন জানায়, গত রোববার দুই ইউনিয়নের বাসিন্ধাদের মধ্যে সাত ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুলিশি টহল ও ধরপাকড়ে অনেকটা অচল হয়ে পড়েছিল জন জীবন। স্থানীয় নিরীহ লোকজনের মনে মোটেও স্বস্থ্যি ছিল না। পুলিশ বা পুলিশকে বহনকারি কোন যান দেখলেই মহিলা পুরুষরা দৌড়ঝাঁপ শুরু করতো। সংঘর্ষের পর থেকেই কালিকচ্ছ বাজারের মার্কেট গুলো বন্ধ হয়ে যায়। ফলে প্রচুর ক্ষতির সঙ্কায় পড়ে যান দুই ইউনিয়নের ব্যবসায়িরা। সাধারন মানুষের ভোগান্তির কথা চিন্তা করে গত সোমবার সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, সালিস কারক মোঃ আইয়ুব খান ও আ’লীগ নেতা মাহফুজ আলী দুই ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গন্যমান্য লোকদের কাছে বিষয়টি নিস্পত্তির প্রস্তাব নিয়ে যান। তাদের প্রস্তাবকে সাদরে গ্রহন করেন জনপ্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার সকালে সালিসের দিনক্ষণ ঠিক করার জন্য উভয় ইউনিয়নের নেতৃস্থানীয় লোকজন নিয়ে নিজ দলের কার্যালয়ে বসেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। পরে এমপি’র নেতৃত্বে তারা কালিকচ্ছ বাজার ও সূর্যকান্দি গ্রামে সরজমিনে ঘুরে ক্ষয়ক্ষতির ধারনা নেন। সংঘর্ষে আহত উভয় পক্ষের রোগীদের অবস্থা ও অবস্থান নিরুপনের জন্যও লোক নিয়োগ করা হয়। তবে গতকাল পর্যন্ত দুই ইউনিয়নেই অব্যাহত রয়েছে পুলিশি টহল। আজ বুধবার বিকেলে এমপি’র নেতৃত্বে কালিকচ্ছ ঈদগাহ মাঠে বসবে সালিস বৈঠক। সেখানে বিবদমান দুই ইউনিয়নের বাহিরের সালিসকারকরা উপস্থিত থাকার কথা রয়েছে। প্রসঙ্গতঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের বাসিন্ধাদের দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে আট পুলিশ সহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ৪-৫ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশকে ১৪১ রাউন্ড রাবার বুলেট ও ৪০ টি টিয়ারসেল খরচ করতে হয়েছে। ইতিমধ্যে ২২ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে।