মাইকে ঘোষনা দিয়ে সরাইল রণক্ষেত্র, ৮ পুলিশ সহ আহত শতাধিক
মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষনা দিয়ে দুই ইউনিয়ন বাসীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়েছে। আহত হয়েছে আট পুলিশ সদস্য সহ শতাধিক লোক। চারটি বসত ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ১০-১২টি বনের (খের) লাছ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। নষ্ট হয়ে গেছে অর্ধশতাধিক বিঘা ফসলি জমির ধান। রেহাই পায়নি গরু ছাগল হাঁস মুরগিও। রোববার সকাল ৭টা থেকে বিকেল ২টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ, রিজার্ভ পুলিশ ও র্যাবের লাঠিপেটা, টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপে সাত ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও উভয় ইউনিয়নের বাসিন্ধাদের মধ্যে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে নোয়াগাঁও ও সূর্যকান্দি গ্রামের লোকজন রাতে মিটিং করে সংঘর্ষের পরিকল্পনা করে।রোববার ভোরে নোয়াগাঁও গ্রামের ব্যবসায়িরা কালিকচ্ছ বাজারে তাদের দোকান থেকে মালামাল সরিয়ে নেয়। সকাল ৭টায় মাইকে ঘোষনা দিয়ে নোয়াগাঁও ও সূর্যকান্দি গ্রামের তিন সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মনিরবাগ এলাকার খালি মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সংঘর্ষ এক সময় খন্ড যুদ্ধে রুপ নেয়। গ্রামের মসজিদ গুলোর মাইকে স্ব স্ব ইউনিয়নের ইজ্জত রক্ষার জন্য দ্রুত সংঘর্ষে অংশ গ্রহন করার জন্য আহবান করতে থাকে। রিজার্ভ পুলিশের পাশাপাশি র্যাব-১৪ এর সদস্যরা সংঘর্ষ থামাতে বার বার চেষ্টা করে ব্যর্থ হয়। এক সময় পুলিশ নিরব দর্শকের মত দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। সময় যত গড়াতে থাকে সংঘর্ষের ব্যাপকতা ও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এক সময় দাঙ্গাবাজরা সূর্যকান্দি গ্রামের পূর্ব পাশের ফসলি মাঠে দাঙ্গায় জড়িয়ে পড়ে। উভয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন ওই সংঘর্ষে অংশগ্রহন করে। পুরো মাঠ তখন রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা ৭-৮টি বসত ঘর ভাংচুরের পর লুটপাট করেছে। টেনে নিয়ে গেছে অনেকের গরু ছাগল ও হাঁস মুরগি। আগুন দিয়ে পুড়িয়ে দেয় অনেক গুলো বনের (খের) লাছ। ধূঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো মাঠ। মাঝে মধ্যে দাঙ্গাবাজদের মধ্যে চিড়া গুড় রুটি ও পানি বিতরন করা হয়। সংঘর্ষের ফাঁকে ফাঁকে তারা খেয়ে শক্তি বৃদ্ধি করে আবার মাঠে নেমে পড়ে। এ ভাবে থেমে থেমে চলে যুদ্ধ। বেলা দুইটায় পরিকল্পনা করে সহকারি পুলিশ সুপার (সার্কেল) শাহ আলম বকাউলের নেতৃত্বে পুলিশ ও র্যাব সদস্যরা দু’দলের মাঝে অবস্থান নিয়ে ১৪১ রাউন্ড রাবার বুলেট ও ৪০ টি টিয়ারসেল নিক্ষেপের পাশাপাশি ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সাত ঘন্টা স্থায়ী দুইদিনের রক্তক্ষয়ী এ সংঘর্ষে নারী পুরুষ শিশু ও পুলিশ সহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান আবু মুসা উসমানী মাসুদ। গুরুতর আহত সূর্যকান্দি গ্রামের কাশেম মিয়ার ছেলে আবু কাউছার (১৭) ও ধন মিয়ার শিশু পুত্র জিদান (১৪) কে ঢাকায় প্রেরন করা হয়েছে। অন্যরা জেলা সদর হাসপাতাল, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আবদুল হক, এস আই আবদুল আলীম, এস আই বোরহান, এস আই শফিকুল ইসলাম, এস আই মোবারক, এস আই শহিদুল ও কন্সটেবল মোঃ মাসুদ।
সংঘর্ষ নিয়ন্ত্রনে আসার পর পুলিশ সূর্যকান্দি গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে গেইট ভাংচুর করে মহিলা পুরুষদের বেধরক পেটানোর অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। পুলিশের পিটুনিতে আহত হন জাহাঙ্গীর আলমের গর্ভবতী স্ত্রী শাকিলা আকতার (২৪) ও আবদুর রশিদের ছেলে নাদির মিয়া (২৬)। প্রসঙ্গতঃ গত শনিবার সন্ধ্যায় নোয়াগাঁও মোতাঈদ বাড়ির ওয়ালি মোতাঈদের ছেলে পারভেজ (২৫) মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার সামনে ছিল একটি পিকআপ ভ্যান। সাইট দেওয়াকে কেন্দ্র করে পিকআপ ভ্যান চালক সূর্যকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে বাবুর (৩০) সাথে পারভেজের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজন কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় গোটা বাজারের ব্যবসায়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় সকল দোকানপাট। সরাইল-নাসিরনগর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে দাঙ্গাবাজরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ওসি আলী আরশাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন আছে।











