সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত- ৩০ : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট
মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে নোয়াগাঁও ও সূর্যকান্দি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট হয়েছে। সরাইল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় নোয়াগাঁও মোতাঈদ বাড়ির ওয়ালি মোতাঈদের ছেলে পারভেজ (২৫) মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার সামনে ছিল একটি পিকআপ ভ্যান। সাইট দেওয়াকে কেন্দ্র করে পিকআপ ভ্যান চালক সূর্যকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে বাবুর (৩০) সাথে পারভেজের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজন কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় গোটা বাজারের ব্যবসায়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় সকল দোকানপাট। সরাইল-নাসিরনগর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে দাঙ্গাবাজরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে জেলা থেকে এক প্লাটুন রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশজন আহত হয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশপাশের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।











