২০ হাজার টাকা দেন, নইলে মাদকের মামলায় চালান দিমু
মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার দারোগা আবদুল আওয়ালের বিরদ্ধে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন সুমন (৩৫) নামের এক লোকের শ্বশুড় ও স্বজনরা। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের দফতরে দারোগার উপস্থিতিতে এমন অভিযোগ করেন তারা। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একাধিক গনমাধ্যম কর্মী সহ অনেক গন্যমান্য লোক উপস্থিত ছিলেন সেখানে। অবশ্য দারোগা এ অভিযোগ অস্বীকার করেন। নির্বাহী কর্মকর্তার দফতর ও সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে সন্দেহজনক কারনে আটক সুমনকে গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে বিচারের উদ্যেশ্যে নির্বাহী কর্মকর্তার দফতরে হাজির করেন দারোগা আওয়াল। হ্যান্ডকাপ পড়া অবস্থায় একজন কন্সটেবল রশি টেনে সুমনকে ধরে রাখেন। এ সময় পাশে সিভিল ড্রেসে অবস্থান করেছিলেন দারোগা আওয়াল। নির্বাহী কর্মকর্তার টেবিলে এক পুড়িয়া গাঁজা রেখে সুমনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এ সময় পেছন থেকে সুমনের শ্বশুড় মোঃ শফিক মিয়া বলেন, স্যার আমরা গরীব মানুষ। ওইদিন রাতে সিএনজি অটোরিক্সা না পেয়ে আমার মেয়ের জামাই সুমন তার পরিচিত শাহিন (২২) নামের একজনের প্রাইভেটকারে সরাইল আসতেছিল। পথে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পরের দিন বুধবার সকালে চালক শাহিনকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু সুমনকে ছাড়তে আমার কাছে ২০ হাজার টাকা চায়। দারোগা সাহেব ও তার এক দালাল বলেন, টাকা না দিলে ডাকাতি বা মাদকের মামলায় চালান দিমু। টাকা ম্যানেজ করার জন্য সারাদিন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। কিস্তু যোগাড় করতে পারিনি। পরে স্বর্ণের ছোট একটি জিনিষ বিক্রি করে ২ হাজার টাকা নিয়ে যায়। সেই টাকা রাখেননি দারোগা। এখন তিনি সুমনকে আপনার আদালতে নিয়ে এসেছেন। সুমনের স্বজন আওয়াল মিয়া নামের এক লোক প্রকাশ্যে অভিযোগ করে বলেন, সুমন সম্পর্কে জানতে আমি এস আই আওয়ালকে জিজ্ঞেস করলে তিনি বলেন ২০ হাজার টাকা লাগবে, নতুবা চালান।
এ সময় হ্যান্ডকাপ পড়া সুমন কিছু বলার জন্য ইউএনও’র অনুমতি প্রার্থনা করেন। অনুমতি পাওয়ার পর সুমন জানায়, এ গাঁজার পুড়িয়া আমার কাছে পায়নি স্যার। এটা সাজানো। এস আই আওয়াল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন। নির্বাহী কর্মকর্তা তখন সুমনের বিরুদ্ধে কোন রায় না দিয়ে থানায় ফেরত পাঠিয়ে দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, যেহেতু আসামী সুমনের স্বজনরা তাকে নির্দোষ দাবীর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে তাই আমি ভ্রাম্যমান আদালতে তার বিচার করিনি। ওইদিন রাত আটটার পর সুমনকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত: গত মঙ্গলবার গভীর রাতে কোন গাড়ি না পেয়ে বিশ্বরোড মোড় থেকে সুমন তার শ্বশুড়বাড়ি সরাইল সদরের বগলা হাটি যাওয়ার জন্য শাহিন নামের তার এক পরিচিত লোকের প্রাইভেটকারে চড়ে। গাড়িটি উচালিয়া পাড়ার নিকটে আসার পর টহল পুলিশ তাদেরকে আটক করে এস আই আওয়ালের কাছে হস্তান্তর করে। তিনি গাড়িসহ শাহিন ও সুমনকে থানায় নিয়ে যান। বুধবার সকালে চালক শাহিনকে ছেড়ে দিলেও সুমনকে আটকে রাখেন থানা কাষ্টরিতে। সন্ধ্যায় নিয়ে যান ইউএনও’র দফতরে।











