সরাইল আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা
সরাইল প্রতিনিধি : সরাইল উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট জিয়াউল হক মৃধার উপর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতারা। গতকাল দুপুরে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দলীয় সূত্র জানায়, মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল- আশুগঞ্জ ও সদরের একাংশ) আসন থেকে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য মৃধা। সভায় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামীলীগের সমর্থন ও সহযোগীতায় তিনি এমপি হলেও আ’লীগকে কোন মূল্যায়ন করছেন না। প্রশাসন থেকে শুরু করে সরাইলের সর্বত্রই আ’লীগ এখন উপেক্ষিত। উপজেলা আ’লীগ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সকল নেতা কর্মীকেই এমপি অবহেলা করছেন। টিআর কাবিখা থেকে শুরু করে সকল কার্যক্রম থেকে এমপি আওয়ামীলীগকে বঞ্চিত করে চলেছেন। তিনি কৌশলে স্থানীয় আ’লীগকে নিশ্চিহ্ন করে বিএনপি’র সাথে মিশে কাজ করছেন। তিনি আ’লীগকে নিয়ে কটাক্ষ করে থাকেন। ২/১ টি ইউনিয়নের আ’লীগের নেতাকে এমপি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে সভায় অবহিত করা হয়েছে। এমপি’র সাথে দূরত্বের জন্য অনেকে স্থানীয় আ’লীগ নেতাদেরকে দায়ী করে বক্তব্য দেন। সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুর রাশেদ বলেন, ২০০৩ সালে গঠিত উপজেলা আওয়ামীলীগ বর্তমানে একেবারেই নিস্ক্রিয়। গত পাঁচ বছর দলের ২/৩ জন বড় নেতা নিজেদের মত করে জাতীয় পার্টির সাথে ভাগাভাগি করে চলেছেন। আমাদেরকে কোন দিন কোন কাজে সম্পৃক্ত করেননি বড় নেতারা। যে কোন কারনে এমপি’র সাথে সমস্যা হয়েছে তাই আজ আমাদেরকে ডাকা হয়েছে। সমস্যা সমাধানের লক্ষ্যে এমপি’র সাথে কথা বলার জন্য চার সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। সভায় দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার জন্য মেয়াদ উত্তীর্ণ চারটি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আ’লীগের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি এ আই মনোয়ার উদ্দিন মদন, মোঃ ছাদেক মিয়া, সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, কৃষকলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান, অরুয়াইল ইউপি আ’লীগের সভাপতি আবু তালেব, পাকশিমুল ইউপি সভাপতি মোঃ জয়নাল উদ্দিন, সম্পাদক সাইফুল ইসলাম, চুন্টা ইউপি সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সরাইল সদর ইউপি সম্পাদক মোঃ ইসমত আলী, পানিশ্বর ইউপি সভাপতি দীন ইসলাম, সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শাহবাজপুর ইউপি সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, সম্পাদক মোঃ নূরুল ইসলাম কালন, শাহজাদাপুর ইউপি সভাপতি সৈয়দ জামাল মাষ্টার, সম্পাদক মোঃ ছায়েফ উল্লাহ ঠাকুর, কালিকচ্ছ ইউপি সভাপতি লস্কর হারুনুর রশিদ, সম্পাদক মুজিবুর রহমান ও নোয়াগাঁও ইউপি সম্পাদক শফিকুর রহমান।
সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, গত সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে যারা আমার বিরুধীতা করেছে তাদেরকে আমি সুযোগ সুবিধা কম দিচ্ছি। এই মূহুর্তে তাদেরকে সুযোগ দিলে জনগন মেনে নিবে না। তারপরও তাদেরকে নামে বেনামে বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছি। তাদের সাথে আমার কোন বিরুধীতা নেই।











