সরাইল নাসিরনগর সওজ এর জায়গা দখল করে মার্কেট নির্মাণ
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে একের পর এক দোকান পাঠ গড়ে উঠছে। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে সওজ এর জায়গায় গড়ে উঠেছে মার্কেট। সরকারী জায়গা দখল করায় যানবাহন চলাচল ব্যাহত সহ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল নাসিরনগর সড়কের পাশে সরকারী জায়গা এক শ্রেণীর দখলবাজরা দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছে। সরকারী জায়গায় দোকান পাঠ নির্মাণ করে অবৈধভাবে তা ভোগ করছে, অনেকে নিজস্ব সম্পত্তি হিসেবে দোকান পাঠ ভাড়া দিচ্ছে। সরাইল সদরের গুরুত্বপূর্ণ স্থান হাসপাতাল মোড়ে গড়ে উঠেছে অবৈধ মার্কেট। এখানে ১০ / ১২ টি দোকান গড়ে এখানে তা বিক্রি সহ ভাড়া দেয়া হচ্ছে। হাসপাতাল গেটের সামনে গড়ে উঠেছে ২ টি ফার্মেসী, ৩ সেলুন পান বিড়ি চায়ের দোকান কয়েকটি দোকান। ৩ রাস্তার মোহনায় এ স্থানটিতে সব সময়ই ভীড় থাকে, যানবাহনের জটলা সৃস্টি হচ্ছে প্রতিনিয়ত। এ মোড়ে পথচারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারছেনা। পথচারীদের এখানে দূর্ভোগের শেষ নেই। সরাইলের প্রধান সড়কের পাশে এ সব দোকান পাঠের জন্য প্রায়শই ঘটছে দূঘটনা। ওয়ান ইলাভেনের সময় এ স্থানের অবৈধ দখলদারের দোকান পাঠ উচ্ছেদ হয়েছিল। উচ্ছেদের কিছুদিন পরই আবার দোকান পাঠ গড়ে তোলে দখলবাজরা। এ স্থানে একই ব্যক্তি ৫/৬ টি দোকান গড়ে তুলে ভাড়া দিচ্ছে এমন অভিযোগ রয়েছে। সরকারী জায়গাকে নিজস্ব সম্পত্তির মতো ভাড়া দেয়ার ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের এক শ্রেনীর অসাধুদের ম্যানেজ করে এসব জায়গা স্থায়ী মার্কেটে পরিণত করেছে দখলবাজরা। দীর্ঘদিন যাবৎ কোন উচ্ছেদ অভিযান না থাকায় সরকারী জায়গা দখলের অবৈধ প্রবণতা বাড়ছে। সরাইল কুট্টাপাড়া মোড় থেকে কালীকচ্ছ পর্যন্ত সরাইল – নাসিরনগর সড়কের বিভিন্ন স্থান দখল করে নিচ্ছে প্রভাবশালী দখলবাজরা। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশরী মোঃ হাবিবুল্লাহ জানান, সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন জায়গা দখল করে আছে এ কথা সত্য । তালিকা করে এসব জায়গা উচ্ছেদের ব্যাপারে কার্যক্রম পক্রিয়াধীন আছে।











