সরাইলে প্রতিপক্ষের হামলায় আশিক মৃত্যু শয্যায়
মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আশিক সরকার (৩২) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আশিক এখন ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু শয্যায় রয়েছে। আহত আশিকের পিতা মামলার বাদী ইউপি সদস্য বিধান সরকারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন মহিতোষ সরকার (৪০)। ঘটনাটি ঘটেছে উপজেলার মলাইশ গ্রামে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন জেলা শহরের বাসিন্ধা গৌর সাহা।
আশিকের পরিবার, মামলা ও স্থানীয় লোকজন জানায়, শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের ইউপি সদস্য বিধান সরকারের সাথে মহিতোষের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডাও হয়েছে। গত ১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে পূজামন্ডপ থেকে ফিরে বাড়িতে প্রবেশের সময় পূর্ব পরিকল্পিত ভাবে মহিতোষ, হিমাংসু ও শুধাংশুর নেতৃত্বে ১২/১৪ জন লোক আশিকের উপর হামলা চালায়। চাপাতি, হকিষ্টিক, শাবল ও ছুঁড়া সহ দেশীয় অস্ত্রের আঘাতে আশিকের দুই হাত, বাম পায়ের হাঁটু ও মাথা ভেঙ্গে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। জ্ঞান হারিয়ে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আশিক। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে আশিককে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। গুরুতর আহত আশিক এখন মৃত্যু শয্যায়। ২ অক্টোবর রাতে আশিকের পিতা বিধান সরকার বাদী হয়ে মহিতোষকে প্রধান আসামী করে দশ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই মহিতোষ ও তার লোকজন বিধানকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। মহিতোষের ভাড়া বাড়ির মালিক জেলা শহরের বাসিন্ধা গৌর সাহা মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে চাপ দিচ্ছেন বাদীকে। দেখাচ্ছেন নানান ভয়ভীতি। বিধান সরকার বলেন, জেলা শহরের চৌধুরী ফার্মেসীর মালিক দাদন ব্যবসায়ি মহিতোষ আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল। সে গৌর সাহার বাড়ির ভাড়াটিয়া। তাই ঘটনার পর থেকেই গৌর সাহা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। তিনি মুঠো ফোনে আমাকে বলেন ডিসি এসপি নাকি উনার পকেটের লোক। মামলা তুলে না নিলে ফল ভাল হবে না। গত বৃহস্পতিবার এসপি অফিসের জনৈক লোক দিয়ে তিনি আমার কাছে ফোন করিয়েছেন। গৌর সাহা ঘটনাটি আপোষ নিস্পত্তির জন্য বিধানকে ফোন দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।











