সরাইলে যক্ষ্মার প্রকোপ এক বছরে আক্রান্ত ৭২০
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যক্ষ্মা রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। গত ২ বছরের রেকর্ড ভেঙে এ বছর রোগীর পরিমাণ ৭২০ (গতকাল পর্যন্ত) জন। আগের বছরের চেয়ে ৬১ জন বেশি। আর ২০১৫ সালের চেয়ে বেশি ১৭৪ জন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিরোধে পর্যাপ্ত ওষুধসহ মাঠ পর্যায়ে লোকজন কাজ করছেন। এ রোগ নিরাময় যোগ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০১৬ সালে উপজেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল ৬৫৯ জন। ২০১৫ সালে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৪৬ জন। ২০১৪ সালে যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৬৮। আর এ বছর জানুয়ারি থেকে মার্চ প্রথম কোয়ার্টারে ১৭৫ জন। দ্বিতীয় কোয়ার্টারে ১৮৭ জন, তৃতীয় কোয়ার্টারে ১৮০ জন ও চতুর্থ কোয়ার্টারে ১৭৮ জন রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য কর্মীরা।
২০১৭ সালে মোট রোগী ৭২০ জন। গত দুই বছরের হিসাবকে পেছনে ফেলে রোগী বৃদ্ধি এখনো অব্যাহত আছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে নতুন রোগী শনাক্ত হচ্ছে। এভাবে রোগী বৃদ্ধি অব্যাহত থাকায় কিছুটা শঙ্কিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট দপ্তরের লোকজন। আক্রান্ত অধিকাংশ রোগীর বয়স ১২ থেকে ৫০ বছরের ঊর্ধ্বে। রোগী শনাক্তে গুরুত্ব সহকারে সচ্ছতার সঙ্গে কাজ করায় আক্রান্ত কোনো রোগী সরকারি চিকিৎসা থেকে বাদ পড়ছেন না। এটি একটি সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির কফ হাঁচি কাশির মাধ্যমে আরেকজন আক্রান্ত হয়ে থাকে। পুষ্টিহীনতার কারণেও রোগটি হতে পারে। রোগটি শনাক্তকরণে সমগ্র উপজেলার ২২টি পয়েন্টে কফ সংগ্রহের ব্যবস্থা রয়েছে। আর প্যাথলজি টেস্ট করা হয় চুন্টায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগ নিরাময়ে ওষুধ ও ইনজেকশন দেয় শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বেচ্ছাসেবী সংগঠন ব্র্যাক যক্ষ্মা আক্রান্তদের চিকিৎসা সুবিধা দিচ্ছেন। ব্র্যাকের দেয়া তথ্য মতে, অপুষ্টি, ছোঁয়াচে জীবাণু কারণে যক্ষ্মা রোগের বিস্তার বাড়ছে। তাছাড়া বয়োবৃদ্ধজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসায় যক্ষ্মা জীবাণু সহজে শরীরে বাসা বাঁধতে পারে। ‘যক্ষ্মা রোগ নিরাময়ের জন্য আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের কোর্স শেষ করতে হয়। ফলে অনেক রোগী ২-৩ মাস ওষুধ সেবনের পর আর খেতে চায় না বা হাসপাতালে আসে না। এ কারণে পুনরায় রোগটি শরীরে দানা বাঁধতে থাকে। তবে, আমাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা রোগীর বাড়িতে গিয়ে ওষুধপত্র দিয়ে খাইয়ে আসেন। আক্রান্ত ব্যক্তির কফ যেখানে-সেখানে ফেলা যাবে না। তাদের কফ মাটি গর্ত করে পুঁতে ফেলার নিয়ম রয়েছে।
যক্ষ্মা রোগীদের ২ ক্যাটাগরিতে চিকিৎসা দিয়ে থাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। ক্যাটাগরি-১ আক্রান্ত রোগীদের প্রথম ২ মাস ফোর (৪) এফডিসি ও পরের ৪ মাস টু (২) এফডিসি ট্যাবলেট খাওয়ানো হয়। ক্যাটাগরি-২ এ আক্রান্ত রোগীদের ক্যাপটুমাইসিন ইনজেকশন পুশ করা হয়। অনেক রোগীর অবস্থা এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্টেন) পর্যায়ে চলে যায়। তখন ওইসব রোগীদের আর টিভি’র সাধারণ ওষুধে কোনো কাজ করে না।
এ ধরনের রোগীদের চিকিৎসা দিতে হয় ৯ থেকে ১১ মাস। আবার কিছু ক্ষেত্রে ২০ থেকে ২৪ মাস। সরাইল উপজেলায় এ পর্যন্ত ৪ জন রোগীর অবস্থা এমডিআর পর্যায়ে চলে গেছে। এরা হচ্ছেন- শাহবাজপুরের রাকিব ভূঁইয়ার কন্যা শিশু স্বর্ণার (১৬) চিকিৎসা চলছে ৫ মাস ধরে। অরুয়াইলের ধামাউড়া গ্রামের মুসা মিয়ার ছেলে আয়েত উল্লাহ (৩৫) ২৪ মাস, নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আতিক (২৮) ১৫ মাস ও চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আলম গাজীর ছেলে কিতাব আলী (৩৭) ১২ মাস ধরে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আনাস ইবনে মালেক বলেন, ঘনবসতি অপরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতার অভাব ও পুষ্টিজ্ঞানহীনতার কারণে এ অঞ্চলে এ রোগের প্রভাবটা বেশি। এটা যে ছোঁয়াছে রোগ। রোগীর শরীর থেকে সুস্থ রোগীর দেহেও এ রোগ দ্রুত বাসা বেঁধে ফেলে এ বিষয়টি লোকজন চিন্তাই করতে পারে না। এ জন্যই এখানের এর বিস্তার বাড়ছে।











