বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে হত্যাকান্ড : ১৮ মাস পর সাবেক ইউপি সদস্য মফিল গ্রেপ্তার ৭ দিনের রিমান্ড আবেদন !

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরকারি একটি পুকুর লীজের ঘটনাকে কেন্দ্র করে দেড় বছর আগে খুন হয় সরাইলের শাহজাদাপুরের ৮৩ বছরের বৃদ্ধ ফিরোজ মিয়া খাদেম। ফিরোজ মিয়া সাবেক ইউপি সদস্য মফিল মিয়া খাদেমের চাচাত চাচা। নিহতের ছেলে দীন ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আবার নাছির বাদী হয়ে একই ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যাকান্ডকে ঘিরে নানা বিতর্ক ও নাটকীয়তা হয়েছে। আসামী পক্ষসহ গ্রামের অধিকাংশ লোকের বক্তব্য হচ্ছে পুকুর না পাওয়ার বদলা নিতে মফিলরা নিজেই বৃদ্ধকে হত্যা করে মামলা করেছেন। আর বাদী পক্ষের অভিযোগ সংঘর্ষের এক পর্যায়ে কাউছার গংরা ফিরোজ মিয়াকে পিটিয়ে হত্যা করেছে। বিতর্কিত এ হত্যা মামলাটিকে পুঁজি করে পুলিশের বিরুদ্ধে মোটা অংকের বাণিজ্যের অভিযোগও ওঠেছে। থানা পুলিশের পর মামলাটি চলে যায় সিআইডিতে। এ পর্যন্ত ৩জন তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। সবশেষে দায়িত্ব পাওয়া এস আই আবুল কাশেম গতকাল বৃহস্পতিবার সকালে শাহবাজপুর এলাকা থেকে সাবেক ইউপি সদস্য মফিল মিয়া খাদেমকে (৪৮) গ্রেপ্তার করে। এ হত্যার রহস্য উৎঘাটনে মফিলের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে সিআইডি। আগামী ১২ ফেব্রুয়ারী রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করা হয়েছে। পুলিশ, মামলা ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শাহজাদাপুর গ্রামের খাস খতিয়ানভুক্ত কুমারিয়া দিঘীটি দীর্ঘ ৩০ বছর ধরে নানা কৌশলে চাষ করে আসছিল মফিল। ২০১৫ সালে ওই দিঘীটি পেয়ে যায় কাউছার ও আজমলদের সমিতি। এতে প্রচন্ড ক্ষিপ্ত হন মফিল। একের পর এক ফন্দি ফিকির শুরু করেন সাবেক এই মেম্বার। নিজের ছেলেকে হত্যা করে হলেও প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসিয়ে প্রতিশোধ নেয়ার ঘোষনাও দেন তিনি। ১৫ সালের ১৮ মে সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের কাউছার (৩৬) নামের যুবককে মফিলের নেতৃত্বে ধরে নিয়ে মারধর করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার পর মফিলের লোকজন চিৎকার করতে থাকে। এর কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় ফিরোজ মিয়াকে তারা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ১৯ মে দীন ইসলাম বাদী হয়ে কাউছারকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

এ মামলাকে মিথ্যা বানোয়াট ও উদ্যেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে রাস্তায় নেমে যান গ্রামের হাজার হাজার নারী পুরুষ। মামলা প্রত্যাহারের দাবীতে শাহজাদাপুর চক বাজারে মানববন্ধনও হয়েছে। ক্ষোভে ওই মানববন্ধনে মফিলের নেতৃত্বে হামলার ঘটনাও ঘটেছে। শুধু শাহাজাদাপুর নয় গোটা উপজেলায় চাউর হয়েছে শুধু পুকুরের বদলা নিতে মফিল তার বৃদ্ধ চাচাকে হত্যা করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শাহাজাদাপুর গ্রামে তদন্তের জন্য উচ্চ পদস্থ একাধিক পুলিশ কর্মকর্তার পদচারনা হয়েছে। ওই তদন্তকে ঘিরে হয়েছে নানা আলোচনা সমালোচনা। এক সময় পুলিশ হত্যা মামলার ফেরারী আসামী মফিলের ভাইপো সাইদ মিয়াকে (৪০) দিয়ে ফজর আলী (৫১) নামের এক বৃদ্ধ লোককে গ্রেপ্তার করে সন্দেহের সৃষ্টি করেন। এরপরই মামলাটি চলে যায় সিআইডিতে। এস আই মোঃ আব্বাসের তদন্তেও গ্রামবাসী ক্ষিপ্ত হতে থাকে। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারী আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক তাউস মিয়াকে সরাইল থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে সিআইডি। এ ঘটনার কিছুদিন পর মামলাটি তদরন্তর দায়িত্ব দেয়া হয় এস আই মোঃ আলমগীরকে। বর্তমান ইউপি সদস্য মোঃ আজহারকে গত ৩ আগষ্ট গ্রেপ্তার করেন আলমগীর। ফজর আলী ২ মাস, তাউস ৭ মাস ও আজহার ২ মাস হাজতবাসের পর জামিনে আসেন।

দীর্ঘ দেড় বছরেও মামলাটির কোন কোল কিনারা হয়নি। পরে গত একমাস আগে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এস আই আবুল কাশেমকে। ১ মাস তদন্তের পর ফিরোজ মিয়া হত্যা মামলার বাদী পক্ষের মূল হোতা সাবেক ইউপি সদস্য মফিলকে গতকাল গ্রেপ্তার করেছেন এস আই আবুল কাশেম। এ হত্যাকান্ডের রহস্য বের করার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মফিলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত আগামী ১২ ফেব্রুয়ারী রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করে মফিলকে জেলহাজতে পাঠিয়ে দেন। তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কাশেম মফিলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য উৎঘাটন হবে বলে আশা করছি।

 

এ জাতীয় আরও খবর