ব্রাহ্মণবাড়িয়া লালপুরের শুঁটকি দেশ পেরিয়ে বিদেশের বাজারে
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মেঘনা পাড়ের লালপুরের শুঁটকির খ্যাতি এখন বিশ্বজুড়ে। দেশের বিভিন্ন এলাকায় চাহিদা পূরণ করে এখানকার শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। কোনো প্রকার স্বাস্থ্যহানিকর উপাদান মেশানো ছাড়াই দেশি প্রজাতির মাছ থেকে এ শুঁটকি উৎপাদন করা হয় বলে এর স্বাদ হয় আলাদা। ফলে প্রতি বছরই এখান থেকে বিপুল পরিমাণ শুঁটকি বিদেশে রপ্তানি হয়। সরেজমিনে লালপুরের শুঁটকি প্রক্রিয়াজাতকরণ এলাকায় গিয়ে দেখা যায়, মেঘনা নদীর পাড়ে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। সেখানে শত শত মাঁচা তৈরি করা হয়েছে। আর এসব মাচাতে চলছে শুঁটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। এখানে কাজ করছে প্রায় এক হাজার নারী ও পুরুষ। প্রতিদিন সকল থেকে বিকেল পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন তারা। নদী থেকে মাছ ধরে এনে রোদে শুকিয়ে বানানো হয় শুঁটকি। কোনোরকম রাসায়নিক বা ফরমালিন ছাড়াই প্রাকৃতিকভাবে প্রস্তুত করা হচ্ছে। আর এসব শুঁটকি দেশের বিভিন্ন এলাকাসহ পাঠানো হচ্ছে বিদেশেও। ভারত, নেপাল, সৌদি আরব, আমেরিকা, লন্ডনসহ কয়েকটি দেশে পাঠানো হয় এখানে উৎপাদিত শুঁটকি। বিদেশে এই শুঁটকির কদরও রয়েছে বেশ। সব মিলিয়ে বছরে প্রায় শত কোটি টাকার শুঁটকি এই লালপুর থেকে সরবরাহ করা হয়।
এদিকে, মজাদার এই খাবার যারা প্রক্রিয়াজাত করছে তাদের নেই কোনো সরকারি পৃষ্টপোষকতা। স্থানীয় আড়তদার বা মহাজনদের কাছে থেকে দাদন হিসেবে তাদের পুঁজি সংগ্রহ করতে হয়। যদি কম সুদে জামানতবিহীন ব্যাংকঋণ দেয়া হতো তাহলে শুঁটকির উৎপাদন দ্বিগুণ হতো এবং এসব প্রান্তিক শুঁটকি প্রক্রিয়াজাতকারীদের ভাগ্যের পরিবর্তন হতো। কেননা মহাজনদের কাছ থেকে চড়া সুদে নেয়া দাদন পরিশোধ করতে হিমসিম খেতে হয় তাদের। লালপুরের শুঁটকি প্রক্রিয়াজাতকারী শরীফ মিয়া জানান , আমাদের এখানে প্রায় ১শ মাচায়তে প্রতিদিন শুঁটকি উৎপাদনের কাজ করছে শ্রমিকরা। তাদের বেতন দিয়ে চালাতে খুব কষ্ট হচ্ছে। কারণ এখন পুরোদমে শুঁটকি উৎপাদন শুরু হয়েছে। হাতের টাকাও শেষ হয়ে আসছে ব্যাংক থেকে কোনো প্রকার সহযোগিতাও পাওয়া যায়নি।” শুঁটকি ব্যবসায়ী বকুল মিয়া জানান, পুঁজির অভাবে তারা এখন আর আগের মতো ব্যবসা করতে পারছেন না। কারণ আগে মাছের দাম কম ছিল। দিন দিন মাছের দাম যেমন বাড়ছে তেমনি শ্রমিকের মজুরিও বাড়ছে। এখন আর অল্প টাকায় এই ব্যবসা চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই অনেকেই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি।
লালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জানান, পুঁজির অভাবে প্রান্তিক শুঁটকি প্রক্রিয়াজাতকারীরা তাদের ন্যায্য মূল্য পায় না। সরকার শুঁটকি উৎপাদনকারীদের ব্যাংকঋণ দিয়ে সহযোগিতা করলে তাদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি শুঁটকি উৎপাদনও দ্বিগুণ হতো। এছাড়াও এখানে কোনো শুঁটকি সংরক্ষণের জন্য স্টোরেজ নাই, তাই একটি শুঁটকি গুদাম প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। তবে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ না করে ব্যাংকে এসে কথা বলার জন্য উৎপাদনকারীদের প্রতি অনুরোধ করেন তিনি।












