আখাউড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আখাউড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিবসের কর্মসূচী সূচনা হয়। পরে উপজেলা চত্বরে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তপবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি: মুসলিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবু সাইদ ভূইয়া, পৌর প্রশাসনের পক্ষ থেকে মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগের পক্ষে আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, বিএনপির পক্ষে ইঞ্জি: মুসলিম উদ্দিন, জাসদের পক্ষে মো: জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়া জাতীয় পার্টি, রেলওয়ে শ্রমিক লীগ, আখাউড়া প্রেসকøাব, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন।
এদিকে রাত ১২টা বাজার আগেই উপজেলা পরিষদ চত্বরে হাজারো মানুষ ভীড় করে। জাতির বীর সন্তানদের সম্মান জানাতে পুস্পস্তবক হাতে নিয়ে অপেক্ষার প্রহর গুণতে থাকে। রাতে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে দরুইন বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শহরের সকল সরকারি বেসরকারি ভবন, দোকান ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় কুচকাওয়াজে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লেতে অংশ নেয়। পরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়।
পরে বিভিন্ন ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।











