সরাইলে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মিতালী
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতি আয়োজিত মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকেলে পূর্ব পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ওই খেলায় মোড়াহাটি একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মিতালী। ফাইনাল ম্যাচটি ছিল ওই মাঠে টুর্নামেন্টের ৭৩ তম ম্যাচ। পরে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানারআপ সহ অন্যান্য পুরস্কার ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সংঘঠন সূত্রে জানা যায়, “মিতালী ক্লাবের স্বপ্ন, মাদকমুক্ত সমাজ গড়া” এ শ্লোগানকে সামনে রেখে মিতালী গত ৫ অক্টোবর থেকে শুরু করে মিনি ফুটবল টুর্নামেন্ট। জাতীয় এ খেলার প্রতি প্রবল আগ্রহ জাগে গ্রামবাসীর মনে। শুধু দেওড়া গ্রামেরই ১৭টি, শাহবাজপুরের ৬টি, মলাইশের ১টি ও সরাইলের ১টি দল এ লড়াইয়ে নাম তালিকাভূক্ত করে। প্রথম পর্বে ৫০টি ও দ্বিতীয় পর্বে ২০ টি খেলা হয়। পুরো এক মাস চলে খেলা। দুপুরের খাবারের পরই গ্রামের শিশু কিশোর যুবক বৃদ্ধ সকল বয়সের লোকজন একটু বিনোদন ও আনন্দ উপভোগ করার জন্য ছুটে যেতেন মাঠে। শুষ্ক মৌসুম হওয়ায় নিশ্চিন্তে লোকজন খেলার পুরো সময়টা মাঠে কাটিয়েছেন। এ যেন এক অন্যরকম উদ্দিপনা। এক মাসেরও অধিক সময় মলাইশ ও দেওড়ার অধিকাংশ লোক পুরো বিকেলটা কোন আড্ডায় বা গল্প গুজবে ব্যয় করেননি। কোনদিন খেলা না থাকলে লোকজন ছটফট করতেন। সবশেষে সেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। গত শনিবার বিকেলে মাঠে গড়ায় ফাইনাল। দুপুরের পর থেকেই লোকজন মাঠে আসতে শুরু করেন। মঞ্চে আসন গ্রহন করেন সভাপতি ও সম্মানিত অতিথিবৃন্দ।
খেলার ও গ্রামের মর্যাদা আরো একধাপ বেড়ে যায়। মাদক বিরোধী কথাটি পড়েই হাসতে থাকেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হিরা। মিতালীর উপদেষ্টা ও শাহজাদাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিকেল ৪টায় খেলার উদ্ধোধন ঘোষনা করেন। মোড়া হাটি একাদশ ও মিতালীর ১ ঘন্টার লড়াইয়ে গোলশুন্য থাকে খেলা। ট্রাইবেকারে ৩টি করে শুটের সিদ্ধান্ত হয়। মোড়াহাটি একাদশের ফিরোজ গোল করলেও বাকি দু’জন ব্যর্থ হন। আর মিতালীর মাজহারুল ও তানবির গোল করতে পারায় মিশেলের শুট বাকি রেখেই ২-১ গোলে জয় নিশ্চিত হয়ে যায় মিতালীর। ৯ খেলায় ৭টি গোল করে সর্বোচ্চ গুলদাতা হন মিশেল। ফাইনাল খেলাটি পরিচালনা করেছেন ফিফার প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি মোঃ আনিছুর রহমান। তার সহকারী ছিলেন রাব্বি ও রাহিম। আর আগের ৭৩টি ম্যাচ পরিচালনা করেছেন মিতালীর ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিপন। পুরো টুর্নামেন্টটিই সামাল দিয়েছেন তিনি। পরে সন্ধ্যায় মিতালী ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুলের সভাপতিত্বে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
প্রধান অতিথি মৌসুমি বাইন হিরা, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, মুক্তিযোদ্ধা হরলাল দেব নাথ, প্রিয়তোষ চক্রবর্তী, সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম, মিতালীর সাবেক সভাপতি আরিফুর রহমান বুলবুল, সহ-সভাপতি মোশফিকুর রহমান তপন, ইউপি সদস্য ফিরোজা বেগম, মোঃ মিছির আলী, আবদুর রশিদ ও বিধান সরকার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার স্বরুপ দু’টি এলইডি টিভি তুলে দেন। মিতালীর পক্ষ থেকেও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।











