আখাউড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. জুয়েল খানকে আসামি করে মামলাটি করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোসারফ হোসেন জানান, তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা থানায় মামলা নেওয়া হয়েছে। মামলার পরই পুলিশ জুয়েলকে গ্রেফতারে তার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান জোর প্রচেষ্টা চালায়। তবে, সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মামলা সূত্রে জানা যায়, জুয়েল খান ২১ অক্টোবর তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে উল্লেখ করেন- মেয়র একজন বখাটেকে সার্টিফিকেট দিয়েছেন। এটা তিনি পারেন না। এতে বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হয়েছে।
অন্যদিকে, ২৩ অক্টোবর সত্যের পথিক নামে এক আইডি থেকে মেয়রকে স্বঘোষিত মন্ত্রী উল্লেখ করে বিরুপ মন্তব্য করা হয়।











