রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

news-image

রাজধানীতে চুরি-ছিনতাই ও চাঁদাবাজির পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে চোর চক্রের তৎপরতা। দিন কিংবা রাত, এমনকি ভোরেও ঘটছে চুরির ঘটনা। কখনো প্রাইভেটকার, কখনো বাইসাইকেল ব্যবহার করে, আবার কখনো পায়ে হেঁটে এসে বড় কাটার দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে লুটপাট চালাচ্ছে চোরেরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে ফ্ল্যাটে প্রবেশ করে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। এমনকি চুরির চেষ্টা থেকে রেহাই পাচ্ছে না মসজিদও।

গত ১৭ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি প্রাইভেটকার নিয়ে আসে চোর চক্রের কয়েকজন সদস্য। গাড়ি থেকে বড় কাটার বের করে একে একে ছয়টি তালা কেটে প্রতিষ্ঠানের ভেতরে ঢোকে তারা। এরপর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্যাশে রাখা নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী জানান, দোকানে ৫০ ও ১০০ টাকার বেশ কয়েকটি বান্ডেল রাখা ছিল। হিসাব করে দেখা গেছে, চোরেরা প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। অন্য কোনো জিনিসে হাত না দিয়ে মূলত ক্যাশের টাকাই লুট করেছে তারা। তার ধারণা, দিনের বেলায় দোকানে এসে আগে থেকেই নজরদারি করে চুরির পরিকল্পনা করেছিল চক্রটি।

এরপর একই চক্র কিছু দূরে অবস্থিত সুনিতি নামের একটি মিষ্টির দোকানে চুরি করে। সেখানেও দুই থেকে তিন মিনিটের মধ্যে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় তারা। পাশাপাশি একটি বাক্সে রাখা মিষ্টিও চুরি করে। দোকানমালিক জানান, মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এত দ্রুত এভাবে চুরি হবে, তা তাদের কল্পনাতেও ছিল না।

ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি আবাসিক ভবনেও সক্রিয় চোর চক্র। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি বাসার প্রধান ফটক খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে এক চোর। এরপর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে একটি ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় সে। অন্যদিকে রায়েরবাজারের একটি বাসায় ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায় আরেকটি চক্র।

এক ভুক্তভোগীর ভাষ্য, ভবনের প্রধান ফটকে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না, সেটি খোলাও ছিল। চোরেরা একটি স্যুট নিয়ে গেছে। ওই ভবনে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, এমনকি ছয়তলাতেও চুরি হয়েছে।

শুধু দোকানপাট ও আবাসিক ভবন নয়, চোরদের নজর পড়েছে ধর্মীয় প্রতিষ্ঠানেও। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি মসজিদের দানবাক্স চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক ছয়টি চুরির ঘটনায় কোনো মামলা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, মামলা গ্রহণ না করে পুলিশ শুধু সাধারণ ডায়েরি (জিডি) কিংবা অভিযোগ নিয়েই দায়িত্ব শেষ করেছে।

এ পরিস্থিতিতে এলাকার মুসল্লিদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, চুরি-ছিনতাইসহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

মোহাম্মদপুরে আগে থেকেই শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চোর চক্রের উৎপাত। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরাধ দমনে চলমান অভিযানের পাশাপাশি চোরদের শনাক্ত ও গ্রেফতারেও বিশেষ অভিযান চালাতে হবে।

তবে চুরির ঘটনা শুধু মোহাম্মদপুরে সীমাবদ্ধ নয়। মিরপুর, নিউমার্কেট ও গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায়ও এ ধরনের অপরাধ ঘটছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে রাজধানীতে চুরির ঘটনায় ৮১৪টি মামলা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় পাঁচটি মামলা হচ্ছে। একই সময়ে চুরির অভিযোগে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, প্রতি তিন মাস অন্তর রাজধানীর কোন এলাকায় চুরির ঘটনা বাড়ছে এবং এর ধরন কী, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করেন। বেশি চুরির ঘটনা ঘটছে এমন এলাকাগুলো চিহ্নিত করে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কোনো চুরির ঘটনায় মামলা না নিয়ে শুধু জিডি বা অভিযোগ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অপরাধ বিশ্লেষকদের মতে, চুরির ঘটনায় মামলা না হওয়া এবং ভুক্তভোগীদের মামলা করতে অনাগ্রহী হওয়ার প্রবণতা অপরাধীদের উৎসাহিত করছে। ফলে অনেক ঘটনা যথাযথভাবে নথিভুক্ত হচ্ছে না, যা অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাধা তৈরি করছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, মাঠপর্যায়ে চুরি ও ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি এসব অপরাধের মূল পরিকল্পনাকারী, চক্রের নেতা এবং নেপথ্যের ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। কিন্তু অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। তাদের ধরতে তালিকা তৈরি ও উদ্যোগ নেওয়ার কথা বারবার বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই।

বিশ্লেষকদের পরামর্শ, ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো চুরির ঘটনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অপরাধী চক্রের সদস্যদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।