ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

news-image

গাজীপুর প্রতিনিধি : শ্রমিক অসন্তোষের কারণে গত এক মাস ধরে উত্তপ্ত শিল্পাঞ্চল গাজীপুর। প্রায় প্রতিদিন বিক্ষোভ ও অবরোধ থাকলেও শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় ১০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। সকাল হতেই এসব কারখানায় শ্রমিকরা নির্বিঘ্নে কাজ করছেন৷

কারখানা অধিদপ্তরের মতে, গাজীপুরে ছোটবড় মিলিয়ে কলকারখানার সংখ্যা ৫ হাজার ২০০টি। এরমধ্যে নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি হলেও নিয়মিত উৎপাদনে থাকা পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৫০০। এরমধ্যে শতভাগ রপ্তানিকারক আরএমজি কারখানা ৯০০ টি৷

সচল থাকা কারখানাগুলোতে শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। শ্রমিকরা জানান, আমরা কোনো অবরোধ ও ভাঙচুরের পক্ষে না। আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই৷

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩২টি কারখানা নির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এসব কারখানার শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানা দ্রুতই সচল হবে বলে আশাবাদী।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশ চালু রয়েছে। সকাল হতে সবকিছু স্বাভাবিক চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিদিনের মতো সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।