সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ বাংলাদেশি। সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭ জন প্রাণ হারান।
নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে এবং কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু।
ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।











