যা করবেন ঈদে বাড়ি যাওয়ার আগে
নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাবেন তাদের উদেশে বেশ কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা জানিয়েছেন, ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাবেন তাদের বাসা, অফিসসহ সব প্রতিষ্ঠানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলার টয়লেটের হাই ও লো কমোড ঢেকে দিয়ে যেতে হবে। এ ছাড়া রেফ্রিজারেটরের ট্রের পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে। এয়ার কন্ডিশনারের পাইপের পানিসহ যে কোনো পানি পরিষ্কার করে রেখে যেতে হবে।
বালতি, বদনা, হাড়িপাতিল, ড্রাম, গামলা, ঘটি-বাটি ইত্যাদির পানি ফেলে পরিষ্কার করে উল্টে রেখে যেতে হবে। বারান্দা ও বাসার ছাদে ফুলের টবের ট্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টে রেখে যেতে হবে। পানির ট্যাংকের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।
তিনি আরও জানান, ঈদের ছুটিতে সব সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্পডেস্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি) অনকলে চিকিৎসাসেবায় দায়িত্বরত থাকবেন। স্থানীয়রা যে কোনো সমস্যায় সিএইচসিপিদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চালু থাকবে।
বাংলাদেশ মেডিসিন সোসাইটির (বিএসএম) সহযোগিতায় ২৬ জেলার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট মেডিসিন ও শিশু বিশেষজ্ঞের অংশগ্রহণে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া সব বিমানবন্দর, স্থলবন্দর, নৌ ও সমুদ্রবন্দরে এক্সস্ট্যান্ডের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










