নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী নারী তাসলিমা আক্তার ও তাঁর স্বামী সাইদুর আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাইদুর।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলার শ্রীঘরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে থানায় দায়ের করা অভিযোগপত্রের সূত্রে জানা যায়।
থানায় দায়েরকৃত অভিযুক্তরা হলেন—একই গ্রামের আজিজুল মিয়া (৫২), রাজিব মিয়া (২৬), সাহিব মিয়া (২৪), সাকিব মিয়া (২২) ও মালেকা বেগম (৪৮)।
অভিযোগকারী সাইদুরের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তিনি ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার হামলার শিকার হন। এতে তাঁরা দুজন আহত হন। পরে তাঁদের চিকিৎসার জন্য নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নবীনগর থানায় লিখিত আবেদন জানিয়েছেন সাইদুর।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালেকা বেগম ও আজিজুল মিয়া বলেন, জমিজমা নিয়ে নয়,গাছ লাগানোকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনায় আমরাও আহত হয়েছি বলে দাবি করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম বলেন, “থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”











