সরাইলে কর্মসৃজন প্রকল্পে হরিলুট
মাহবুব খান বাবুল : সরাইলে শ্রমিকের ভূয়া নাম দিয়ে কর্মসৃজন প্রকল্পের টাকা হরিলুট করে তৃপ্ত নন জনপ্রনিধিরা। সরজমিনে শ্রমিকের সংখ্যা দেখতে গিয়ে একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধাপে তারা গরীব শ্রমিকদের শোষন করেছেন। নাম তালিকাভুক্ত করতেও শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে ঘুষ। ঘুষ না দিতে পারায় বাদ পড়েছেন অনেক হত দরিদ্র মহিলা পুরুষ। ঘুষের বিষয় কারো কাছে প্রকাশ করলে শুধু এ প্রকল্প নয় ভবিষ্যতে যে কোন সুবিধা থেকে বঞ্চিত করে রাখার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। তাই সাংবাদিকদের ছদ্দনাম ব্যবহার করার অনুরোধ করেছেন ভুক্তভোগীরা। মাঠ পর্যায়ের সকল অনিয়ম দূর্নীতি পিআইও অফিসের নখদর্পনে আছে। তাদেরকেও নিয়মিত মাসোয়ারা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনৈক শ্রমিক সর্দার। শ্রমিকের তালিকায় নাম লিখাতে ১ হাজার ৯৯৪ জনের প্রত্যেককেই গুনতে হয়েছে মাসোয়ারা। প্রয়োজনের তাগিদে অনেক শ্রমিক চড়া সুদে টাকা এনে ঘুষ দিয়েছেন। প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিদের ভাগ করে দেওয়া হয়েছে ভূয়া নামের হিস্যা। কে কতজন শ্রমিক দিতে পারবে সেটাও করা হয়েছে ভাগ বাটোয়ারা। ভাগে প্রাপ্ত শ্রমিকের সংখ্যা জেনেই মাঠে নেমে পড়েন জনপ্রতিনিধিরা। তখনই পদদলিত করা হয় দরিদ্র অসহায় লোকদের। ভাগ্যের চাকা খুলে যায় স্বচ্ছল শ্রমিকদের। যারা আগে ও বেশী টাকা ঘুষ দিতে পেরেছে তারাই শ্রমিকের তালিকায় অন্তর্ভূক্ত হতে পেরেছে। নাম পিছু ঘুষ আদায় করা হয়েছে ৫’শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। নোয়াগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের বিধবা সুরমা বেগম (ছদ্যনাম)। সন্তানদের নিয়ে অর্ধাহার অনাহারে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। মাটি কেটে ৪০টা দিন অন্তত ভাল যাবে এমন আশায় ছুটে যান ইউপি সদস্য লুৎফুর রহমান ও শাহিদা বেগমের কাছে। তারা সুরমাকে সাফ জানিয়ে দেন শ্রমিকের তালিকায় নাম দিতে ৩ হাজার টাকা লাগবে। টাকার জন্য চারিদিকে দৌড়াতে থাকেন সুরমা। কিছু ধার কিছু চড়া সুদে টাকা যোগাড় করে ইউপি সদস্যদের দেন সুরমা। পরে পান শ্রমিকের কার্ড। একই গ্রামের বাসিন্ধা হকভাগিনী দুই সন্তানের জননী লাইজু (ছদ্যনাম)। সম্প্রতি দূর্ঘটনায় স্বামীকে হারিয়ে একদম অল্প বয়সে বিধবার শাড়ী পড়েছেন তিনি। দুই শিশু সন্তান নিয়ে এখন দিশেহারা লাইজু। কর্মসৃজন প্রকল্পে কাজ করে দৈনিক ২’শ টাকা কামাইয়ের স্বপ্ন নিয়ে দৌড়ে গিয়েছিলেন ইউপি সদস্যদের কাছে। লাইজুর আশায় গুড়েবালি। ঘুষের তিন হাজার টাকা অনেক চেষ্টা করেও ম্যানেজ করতে পারেননি তিনি। তাই শ্রমিকের কার্ড পাননি লাইজু। চোখের জল ছেড়ে দিয়ে লাইজু প্রতিবেদককে বলেন, হুনছিলাম বেশী গরীব ও বেসেবায় যেরা আছে হেরার লাই¹া সরহার এই কামডা দিছে। ৪০ দিন মাডি কাইট্টা পামু ৮ হাজার টেহা। কাম করার আগে অই ঘুষ দিতে অইব ৩ হাজার টেহা। এইডা গরীবের কেমন উপকার বুঝলাম না। দুইডা বাইচ্চা লইয়া কত কষ্ট করতাছি। মেম্বার সাবরার ইকটু মাইয়াও লাগল না। টেহা দিতাম পারি নাই। তাই মাডি কাডার সুযোগ পাইলাম না। অহন বাইচ্চা দুইডারে বাড়িতে রাইক্কা সারা দিন ধান ছোরার কাজ করি। গরীবের জীবন এমনই অয়। কালিকচ্ছ, চুন্টা, অরুয়াইল ও নোয়াগাঁও ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি বলেন, বিভিন্ন খরচাপাতি বাবদ ৫’শ/১-২ হাজার করে টাকা নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান ও মোছাঃ শাহিদা বেগম বলেন, টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা। কেউ যদি এমন কথা বলে থাকে সেটা শত্র“তা ষড়যন্ত্র।
কর্মসৃজন প্রকল্পের কাজে সরাইলের নয়টি ইউনিয়নেই নিয়মিত ২৫ ভাগেরও অধিক সংখ্যক শ্রমিক অনুপস্থিত থাকে। বিষয়টি পিআইও অফিস ও জনপ্রতিনিধিদের কাছে ওপেন সিক্রেট। তবে সবকিছু ধামাচাপা দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হচ্ছে শতভাগ। ভূয়া শ্রমিকের নামে উত্তোলিত টাকা ভাগবাটোয়ারা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট কর্তাবাবুদের মধ্যে। সরজমিনে দেখা যায়, নয়টি ইউনিয়নেই এ কাজে চলছে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম। কাগজে কলমে শ্রমিকের সংখ্যার সাথে মোটেও মিল নেই বাস্তবের। ওয়ার্ড ভিত্তিক ২০-৩০ জন শ্রমিক কম পাওয়া গেছে হর হামেশা। গোটা ইউনিয়নে অনুপস্থিত পাওয়া গেছে ৫০-৮০ জন। আবার অনেক ইউনিয়নে কাগজে দুই শতাধিক শ্রমিকের নাম থাকলেও বাস্তবে ঘুরেফিরে কাজ করছে মাত্র ৮০-৯০ জন শ্রমিক। সব কিছুই করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট কর্তাবাবুদের সাথে রফাদফার মাধ্যমে। কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় অনুপস্থিত পাওয়া যায়নি কাউকে। শতভাগ টাকা উত্তোলনের নজির স্থাপন করেছেন সরাইলের জনপ্রতিনিধিরা। কার টিপসহি কে দিয়েছে সেটা আল্লাহ-ই ভাল জানেন। জনপ্রতিনিধিরা নিজেদের স্বজন ও পছন্দের লোকজনের নামে একাউন্ট খুলে শ্রমিকের নাম লিখানোর তথ্য দিয়েছেন একাধিক শ্রমিক। তারা কোন দিন কাজ করতে যায় না। তাই টাকা উত্তোলনের পর তারা যা পায় তাতেই সন্তোষ্ট থাকে। বাকি টাকা হয় ভাগবাটোয়ারা। বড় ধরনের কোন সমস্যা হলে ব্যাংকের কর্তা বাবুদের ম্যানেজ করেই টাকা উত্তোলনের কাজটা সেরে নেন। ব্যাংকে টাকা উত্তোলনের কাজটি অধিকাংশ সময় করে থাকেন পিয়ন ও দারোয়ানরা। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ইউপি সদস্য বলেন, আমরা দুইজন ভূয়া শ্রমিকের নাম দিলে পিআইও সাহেবকে দিতে হয় চারজন। কৃষি ব্যাংক কালিকচ্ছ শাখার ব্যবস্থাপক মোঃ সোলেমান ভূঁইয়া, জনতা ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক সেন্টু রঞ্জন সরকার, অরুয়াইল শাখার ব্যাবস্থাপক মান বেন্দ্র চক্রবর্তী ও সোনালী ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক আবদুল মোনয়েম বলেন, ৪০ দিনের কর্মসূচি (১ম ধাপ) শেষের দিকে। আমাদের ব্যাংকে যাদের একাউন্ট তারা শতভাগ টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। অনুপস্থিত নেই একজনও। তবে জনতা ব্যাংক চুন্টা শাখার ব্যবস্থাপক আবদুল মালেক বলেন, সকল শ্রমিকই টাকা নিয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেছে শ্রমিকরা। কতজন শ্রমিক টাকা নিয়েছে সেটা এখন জানানো যাবে না। কৃষি ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন বলেন, পানিশ্বর ইউনিয়নের ২৭ জন শ্রমিক নতুন একাউন্ট খুলেছেন। নতুন পুরাতন মিলে মোট শ্রমিক ১৮৫ জন। তারা এখনো টাকা উত্তোলন করেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী বলেন, প্রকল্পের কাজে অনুপস্থিত শ্রমিকদের টাকা প্রদান করতে নিষেধ করেছি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মসৃজন প্রকল্পের টাকা নিয়ে চলছে হরিলুট। অসহায় দরিদ্রের টাকা কৌশলে পকেটে ঢুকাচ্ছেন জন প্রতিনিধি ও অফিসের কর্তা বাবুরা। শ্রমিকের সংখ্যা সীমাবদ্ধ শুধুই কাগজে। কাবিখা প্রকল্পের কাজ করছেন কর্মসৃজনের শ্রমিক দ্বারা। তাই শ্রমিকের তালিকা নিয়ে লুকুচুরি খেলছেন জনপ্রতিনিধি ও পিআইও অফিসের লোকজন। নির্বাহী কর্মকর্তার দফতরে আদৌ জমা দেয়া হয়নি শ্রমিকের তালিকা। উপজেলার অধিকাংশ জায়গায় কাজের নামে চলছে শুধুই ফাঁকি। অনেক পল্লী এলাকায় কাজ বন্ধ রেখে শ্রমিকের টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন প্রভাবশালীরা। পিআইও অফিসের টার্গেট ত্রিশ লক্ষাধিক টাকা আর জনপ্রতিনিধিদের বিশ লক্ষাধিক টাকা। সাংবাদিকদের তিনদিন ঘুরিয়ে প্রকল্প ও শ্রমিকের তালিকা দেননি প্রকল্প কর্মকর্তা। অনিয়ম ও দূর্নীতির কারনে ভেস্তে যেতে বসেছে সরকারের মহৎ উদ্যেশ্য। বেশ কিছু এলাকায় শ্রমিকের তালিকায় রয়েছে জন প্রতিনিধিদের স্বামী, ভাই ও স্বজনদের নাম। পিআইও অফিস সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর থেকে সরাইলের সবকটি ইউনিয়নে শুরু হয়েছে কর্মসৃজন (প্রথম ধাপ) প্রকল্পের কাজ। এবার ৪৩ টি প্রকল্পে কাজ করছে মোট ১ হাজার ৯৯৪ জন শ্রমিক। ৪০ দিনে শ্রমিকের মজুরি বাবদ সরকারি বরাদ্ধ রয়েছে ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার টাকা। সরজমিনে দেখা যায়, নোয়াগাঁও ইউনিয়নের চানপুর গ্রামে চলছে মাটি কাটার কাজ। দাড়িয়ে দেখছেন সর্দার লাল মিয়া। তিনি জানান ৭২ জন শ্রমিক নিয়মিত এখানে কাজ করছে। গননা করে দেখা যায় ৫২ জন। ২০ জন কম কেন? এমন প্রশ্নের উত্তরে উত্তেজিত হয়ে লাল মিয়া বলেন, স্যার এখন চুরি ছাড়া কিছু হয় না। সব জায়গায় সবাই চুরি করে। তাই আমাদের কাজেও চুরি আছে। চুন্টা ইউনিয়নের রসুল-আজবপুর সড়কে বসে গল্প করছে ১৪ জন শ্রমিক। কতজন কাজ করার কথা জানতে চাইলে তারা জানায় এ বিষয়ে ফিরো মেম্বার জানেন। কালিকচ্ছ ইউনিয়নের বড়িউড়া- কালিকচ্ছ সড়কে কাজ করছে ৩৮ জনের মধ্যে ৩৬ জন। কোদাল নিয়ে দাড়িয়ে আছেন মহিলা মেম্বার আনোয়ারা বেগমের ভাই শ্রমিক দুলাল। বিশুতারা-কালিকচ্ছ সড়কে দেখা যায় কাজ করছে ৭-৮জন শ্রমিক। পাশে ধানের বীজ তলায় পানি সেচের কাজ করছেন সামছু মিয়া (৬০)। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বাড়িঘর ও পাশের দোকান থেকে দৌড়ে আসেন কিছু মহিলা পুরুষ। তারপরও অনুপস্থিত পাওয়া যায় ৫জন শ্রমিক। সামছু মিয়া এসে বলেন, স্যার আমারে হিসাব কইরেন। আমি চেয়ারম্যানের লোক। যে পাঁচজন আসেনি তারাও চেয়ারম্যানের লোক জানালেন সর্দার হাবলু মিয়া। অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের বানিয়াচারি সড়কে ৩৬ জন শ্রমিক কাজ করছে সংশ্লিষ্ট ইউপি সদস্য সৈয়দ আলীর দেয়া এমন তথ্যের কোন ভিত্তি পাওয়া যায়নি। সকাল ১০ টায় গিয়ে ওই সড়কে কোন শ্রমিক পাওয়া যায়নি । মোটর সাইকেল থেকে নামার পরই গ্রাম থেকে দৌড়ে আসেন একজন মহিলা ও পুরুষ। এদের একজন শ্রমিক। তারা জানায়, কর্মসূচী শুরু হয়েছে আজ নয়দিন। আমরা কাজ করেছি মাত্র চারদিন। সকালে এসেছিলাম। সর্দার চলে যেতে বলেছে। তাই চলে গেছি। অথচ ইউপি সদস্য তখনও মুঠোফোনে বলতে থাকেন ৩৬ জন শ্রমিক কাজ করছে। আপনি মাঠে আসুন। এখানে শ্রমিক দেখিয়ে দিয়ে যান। এমন কথার উত্তরে সৈয়দ আলী বলেন, ছবি উঠানোর জন্য সবাই চলে গেছে। কাজ করতে গেলে কিছু ফাঁকি বা অনিয়ম হবেই। এর পাশেই আরেকটি প্রকল্প চলছে মহিলা ইউপি সদস্য মাহমুদা বেগমের তত্বাবধানে। সেন্ডেল পায়ে দাঁড়িয়ে সিগারেট পান করছেন তাজুল ইসলাম। তিনি সর্দার। কাজ না করলেও তার দৈনিক হাজিরা ২’শ টাকা। পাশের একটি টং দোকানে বসে চা পান করছেন মাহমুদার স্বামী কর্মসৃজন প্রকল্পের শ্রমিক জাফর মিয়া। মহিলা মেম্বারের স্বামী বলে কথা। তাই কাজ না করলেও তার হাজিরা ঠিক আছে। এখানে ৩৬ জন শ্রমিকের মধ্যে পাওয়া যায় ২৪ জন। অনুপস্থিত ১২ জনের টাকা উত্তোলন করতে কোন বাঁধা নেই। কারন বিষয়টি জানেন প্রকল্পের কর্তা বাবুরা। সকলকেই তো এখান থেকে মাইনে দেওয়া হয়। শতভাগ উপস্থিত থাকলে ওই টাকাটা আসবে কোথা থেকে। অফিসাররা তো খালি যায় না। নাম প্রকাশ না করার শর্তে এমন কথা বললেন জনৈক শ্রমিক। ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টা পাকশিমুল বাজারের পাশে ৯ টন চাউলের কাবিখা প্রকল্পের কাজ করছেন ইউপি সদস্য মোঃ মোতালিব। তিনি জানান, গত দুইদিন ধরে কর্মসৃজন প্রকল্পের কাজ সরকারি ভাবে বন্ধ। তাই কাবিখার কাজ করছি। শ্রমিক নাদির হোসেন, দুলাল মিয়া সহ অনেক শ্রমিক ইউপি সদস্যের সামনেই বলতে থাকেন, আমরা গত কয়েকদিন ধরে মাঠে কর্মসৃজন প্রকল্পের কাজ করছিলাম। গত ২-৩ দিন ধরে এখানে কাজ করছি। মেম্বার বলেছে এখানে কাজ করলে আমরা ২’শ টাকা ঠিকই পাব। ওইদিন পাকশিমুল ইউনিয়নের আর কোথাও কর্মসৃজনের কাজ হয়নি। ২০ ডিসেম্বর শনিবার সকালে পানিশ্বর ইউনিয়নের ভিটঘর নতুন ব্রীজের পশ্চিম পাশ হইতে বাচ্চু মোল্লার জমির পশ্চিম পাশের প্রকল্পে কাজ করছে ২৫ জনের মধ্যে মাত্র ১৪ জন শ্রমিক। পাশে জুতা পাঁয়ে হাঁটছেন সর্দার নুরুল ইসলাম। তার হাজিরা ২’শ টাকা। ১১জন শ্রমিক কম কেন? এমন প্রশ্নের উত্তরে ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, এখন ধান কাটা। তাই শ্রমিকরা আসছে না। প্রকল্পের বয়স ১২ দিন হলেও শ্রমিক শরিফা বেগম, তৈয়বা বেগম বলেন, আমরা ৪ দিন ধরে কাজ করছি। ৪দিনের টাকাই পাব। ৯নং ওয়ার্ড বেড়তলা গিয়ে দেখা যায় রহিমা বেগম , শুক্কুর মিয়া, আলেক চান বেগম ও তাছলিমা নামের মাত্র চারজন শ্রমিক কাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, মাঠে সকল শ্রমিক ঠিকঠাক মত কাজ করছে। সরজমিনে চারজন পেয়েছি শুনেই তিনি থেমে যান। পরে বলেন বিষয়টি আমার চেয়ে প্রকল্পের সভাপতি তৌহিদ মেম্বার ভাল জানেন। আমি আপনাদের সাথে পরে কথা বলব। শাহবাজপুরে ও শাহজাদাপুর গ্রামের এক প্রকল্পে ১০-১২ জন শ্রমিক অনুপস্থিত পাওয়া যায়। ৯ টি ইউনিয়নের প্রত্যেকটি প্রকল্পেই রয়েছে অনিয়ম। ভাগবাটোয়ারা করে শ্রমিকের নাম দেওয়া আছে। যারা কখনো কাজে যায় না। ওই নামের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নেন জনপ্রতিনিধিরা। নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, পিআইও অফিসের টাকা দৈনিক ভিত্তিতেই দেওয়া হয়। প্রত্যেক ইউনিয়নে গড়ে কমপক্ষে ৪০-৫০ জন করে ভূয়া শ্রমিকের নাম রয়েছে। ৯ ইউনিয়নে মোট ভূয়া শ্রমিকের সংখ্যা ৪’শ ৫০ জনের অধিক। অনিয়মের মাধ্যমে মোট আয়ের টার্গেট ৫০ লক্ষাধিক টাকা। পিআইও অফিসের লক্ষ মাত্রা ৩০ লক্ষাধিক টাকা। বাকি টাকা ভাগ করে নিবে প্রকল্প সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিরা। গরীবের টাকা যাবে বড় লোকের পেটে। তাই প্রকল্পের কর্তা ব্যক্তিদের মদদেই চলছে অনিয়ম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গরীবের টাকা নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয়। সৈয়দ আলী মেম্বার এক সময় শ্রমিক দেখাতে গিয়ে আমাকেই অনেক ঘুরিয়েছেন। কর্মসৃজনের শ্রমিক দিয়ে কাবিখার কাজ করানো সম্পূর্ণ বিধি বহির্ভূত। মাঠ পর্যায়ের সকল অনিয়ম দূর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ কাজে অনিয়মের কথা শুনতেছি। আমি গুরুত্ব সহকারে তদন্ত করছি। দায়ী ব্যক্তিদের বিরোদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব।











