টানা ২২ বছর ইয়েমেন শাসন করেছেন বিতর্কিত প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। গৃহযুদ্ধের মধ্যমনি ছিলেন তিনি। তার মৃত্যুর পর সৌদি আরবে পলাতক ইয়েমেনের আরেক সাবেক প্রেসিডেন্ট মানসুর আল হাদি জনগণকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। হুতি ও সালে’র অনুসারিরা দীর্ঘদিন ধরেই মানসুর আল হাদির সমর্থকদের বিরুদ্ধে লড়াই করে আসছে। গত দুই ডিসেম্বর সালেহ হুতি পক্ষ ত্যাগ করে মানসুর আল হাদি ও সৌদি পক্ষে অবস্থান নেন। ২০১২ সালে ইয়েমেনে জনগণের চাপের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন সালেহ। স্পুটনিক
তবে সালেহ ইয়েমেনের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। আন্তর্জাতিকভাবে তিনি ‘ম্যান অব অল সিজনস’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন। অধিকাংশ ইয়েমেনি মনে করেন, নিজের স্বার্থ ছাড়া সালেহ অন্য কিছুকে গুরুত্ব দেননি। তিনি ক্ষমতার পেছনে ছুটেছেন এবং এ নিয়ে দরকষাকষি করেছেন আজীবন। দুর্ভাগ্যবশত মধ্যপ্রাচ্যের শাসকদের ক্ষমতা প্রীতি এবং এজন্যে সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার বা নিজেকে বিক্রি করতে ইচ্ছুক ব্যক্তির মতই পরিণতি ভোগ করেছেন সালেহ।
বিশ্লেষকরা বলছেন, সালেহ যে পরিণতি ভোগ করেছেন, তার জন্যে পর্যাপ্ত পরিস্থিতি তিনি নিজেই তৈরি করেছিলেন। আদতেই তিনি ইয়েমেনের জনগণের প্রতি অনুগত ছিলেন না। তার মৃত্যুর পর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে ইয়েমেনের গৃহযুদ্ধ আরো ভয়াবহ হবে নাকি সৌদি জোটের প্রত্যক্ষ ও পরোক্ষ আগ্রসন দেশটির ওপর আরো চেপে বসবে। গত কয়েকদিনের সংঘর্ষে ১২৫ জন মারা গেছে। আহত হয়েছে ২ শতাধিক। ইয়েমেনের মানুষের হাতে এখন প্রচুর অস্ত্র এবং রাস্তার যুদ্ধ ছড়িয়ে পড়ায় অনেকে এখন এসব অস্ত্র ব্যবহার করতে চাচ্ছে। এমন একটি কূটনৈতিক তৎপরতা প্রয়োজন যাতে মানুষ এসব অস্ত্র ফিরিয়ে দিতে রাজি হয়।

ইয়েমেনে ৮০ লাখ মানুষ এখন জাতিসংঘের আওতায় এখন কোনো রকমে বেঁচে আছে। জাতিসংঘের অনুমোদন ছাড়াই সৌদি জোট যে সামরিক আগ্রাসন চাপিয়ে দিয়েছে ইয়েমেনে তার ধকল আর সহ্য করতে পারছে না মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র এই দেশটি। এছাড়াও সৌদি অবরোধে সেখানে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কলেরায় আক্রান্ত হয়েছে ৫ লক্ষাধিক মানুষ যার অধিকাংশই শিশু। মারা গেছে ১০ সহস্রাধিক মানুষ। তারপরও মধ্যপ্রাচ্যের শাসকরা ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো কূটনৈতিক উদ্যোগ শুরু করার অনুভূতি হারিয়ে ফেলেছেন। বরং ব্রিটেন ও পশ্চিমা দেশগুলো থেকে প্রচুর অস্ত্র আসছে সৌদি আরবে এবং তার ব্যবহারে রীতিমত এক কসাইখানা হয়ে দাঁড়িয়েছে অনগ্রসর ইয়েমেন। বরং সৌদি স্বার্থে এ যুদ্ধ যে আরো দীর্ঘতর হবে সে কথা স্পষ্টতই জানান দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ইয়েমেনে যুদ্ধের অবসান হোক এ নিয়ে কোনো পশ্চিমা দেশের মাথা ব্যথা নেই। শাফাকনা ইনস্টিটিউট অব মিডিল ইস্টার্ন স্টাডিসের পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যাথেরিন শাকদাম রেডিও স্পুটনিককে জানান, সালেহ’র অনুপস্থিতিতে যুদ্ধরত বিভিন্ন দলের মধ্যে শান্তি ফিরিয়ে আনা আরো কষ্টকর হবে। সন্দেহ নেই পরিস্থিতি আরো প্রতিকূল হয়ে উঠবে ইয়েমেনে। কারো পক্ষে ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনা এখন অনেক বেশি কঠিন।











