টিলারসনই পররাষ্ট্রমন্ত্রী থাকছেন : হোয়াইট হাউজ
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিকই ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে যাবেন’।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই খবর ‘সত্য নয়’ বলে বিবৃতি দিয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা খবর প্রকাশ পায়।
I told Rex Tillerson, our wonderful Secretary of State, that he is wasting his time trying to negotiate with Little Rocket Man…
— Donald J. Trump (@realDonaldTrump) October 1, 2017
সর্বপ্রথম দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন এ খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, হোয়াইট হাউজ কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে টিলারসনকে সরিয়ে দিয়ে তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পিও কে বসানোর পরিকল্পনা করেছে।
বিভিন্ন বৈদেশিক নীতি নিয়ে, বিশেষ করে উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের সঙ্গে টিলারসনের মতবিরোধের জেরে এ পরিবর্তন আনা হতে পারে বলে ওইসব প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়।











