বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন না‎ হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা

news-image

সন্ত্রাসবাদ দমন ইস্যুতে মুসলিম দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে ‎সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামি সামরিক জোটের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ।

সম্মেলনে সভাপতির ভাষণে ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান বলেন, আজ থেকে প্রকৃতপক্ষেই সন্ত্রাসবাদে অর্থায়নের পথ রুদ্ধ হওয়া শুরু হয়েছে। সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন হওয়ার আগ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। খবর আল-আরাবিয়্যাহ, আনাদোলু এজেন্সির।

যুবরাজ বলেন, আজকের এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইতিপূর্বে সন্ত্রাসবাদ আমাদের সকল দেশেই ছিল। কিন্তু ইসলামী দেশগুলোর মাঝে কোন সমন্বয় ছিল না। আজকের এই সম্মেলনের মাধ্যমে কোয়ালিশনের মিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।

ক্রাউন প্রিন্স আরও বলেন, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থা কেবল নিরীহ মানুষকে হত্যা করেছে এবং সহিংসতা ছড়িয়ে দিয়েছে। পাশাপাশি আমাদের ধর্মের সুনাম এবং মর্যাদা নষ্ট করেছে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।

ক্রাউন প্রিন্স আরও বলেন, চল্লিশের বেশী ইসলামি রাষ্ট্র দৃঢ় বার্তা দিচ্ছে যে, তারা সকলেই সর্বোতভাবে সন্ত্রাসবাদ দমনে সর্বশক্তি নিয়োজিত করবে।

ইসলামি সামরিক জোটের প্রধান সামরিক নেতা পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফ বলেন, আমরা সন্ত্রাসবাদের অর্থায়নের সকল নেটওয়ার্ক বন্ধ করতে আমাদের গোয়েন্দাদের সামর্থ এবং সহযোগিতা প্রক্রিয়া অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করব। গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য আলাদা মঞ্চও তৈরি করা হবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জঙ্কেলি বলেন, সন্ত্রাসীরা দ্বীনের নামে গণহত্যা চালাচ্ছে। আইএসের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।

সম্মেলনের সাধারণ অধিবেশনে জোটের কৌশলগত কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। কোয়ালিশনের কার্যক্রমের সাংগঠনিক প্রক্রিয়া এবং ভবিষ্যতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পারষ্পরিক সহযোগিতার বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

ধারণা করা হচ্ছে, সম্মেলন শেষে সন্ত্রাসাবদ ইস্যুতে বেশ কিছু কর্মপন্থা ও উদ্যোগের ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ডিম্বেরে সন্ত্রাসবাদ দমন ইস্যুতে সৌদি আরবের নেতৃত্বে ৪১ ইসলামী রাষ্ট্র নিয়ে ইসলামী মিলিট্রি কোয়ালিশন গঠনের ঘোষণা দেয়া হয়। কোয়ালিশনের গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র হলো, উপসাগরীয় দেশ, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, মিসর।

সূত্র : আল-আরাবিয়্যাহ, আনাদোলু এজেন্সি, আল-জাজিরা, খালিজ অনলাইন।