ভাঙছে ২০ দলীয় জোট
বিএনপির একলা চলো নীতির প্রতি অনাস্থা জানিয়ে এবার ২০ দলীয় জোটে ভাঙন সৃষ্টি হচ্ছে। বের হয়ে যাচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলো। আগামী মাসের শুরুতেই তারা নতুন জোট গঠন করে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করতে যাচ্ছে বলে জোট সূত্র জানায়।
সূত্র জানায়, ইতিমধ্যে অন্তত তিনটি রাজনৈতিক দল আলাদা জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অন্যতম। এজন্য তারা দফায় দফায় বৈঠক থেকে শুরু করে সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে সূত্র জানায়।
জোট থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা বিগত ৬ মাস ধরে কাজ করছে বলেও নিশ্চিত করেছে সূত্রটি। যার ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে অংশগ্রহণ করেননি অনেক শরিক দলের নেতারা। যোগাযোগও রক্ষা করছেন না বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে।
সূত্র জানায়, জোট থেকে বের হয়ে আসার ঘোষণা দেয়ার জন্য ইসলামী ঐক্যজোটের একটি অংশ ৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু দলের শীর্ষ এক নেতা জোট থেকে বের হয়ে আসার পক্ষে না থাকার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। তবে সম্প্রতি ওই নেতাকে তারা বিভিন্ন উপায়ে জোট ত্যাগ করার পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে মহান মুক্তিযুদ্ধে তার দল ও নিজের ভূমিকাকেও সামনে নিয়ে আসা হয়। এ জন্য নিজের রাজনৈতিক অবস্থানকে ধরে রাখার জন্য ২০ দলীয় জোট ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই নেতার ঘনিষ্ঠ সূত্র দাবি করে।
সূত্র জানায়, ইসলামী কয়েকটি দল নিয়ে আলাদা নতুন জোট গঠনের অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের সম্মেলনে বেরিয়ে আসার ঘোষণা দেয়া হতে পারে। এছাড়া এর মধ্যে খেলাফত মজলিশও বেরিয়ে যেতে পারে বলে সূত্র জানিয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন জোট ত্যাগের এ তৎপরতা বুধবারও কিছুটা স্পষ্ট হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ২০ দলীয় জোটের বেশ কয়েক নেতা। জোটের সঙ্গে কোনো আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি মো. ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মাওলানা মো. জুবায়ের, জমিয়তে ওলামায়ে ইসলামের চেয়ারম্যান মুফতি মো. ওয়াক্কাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরাম। এছাড়া ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মো. মোসাদ্দেকও যোগ দেন। তবে দাওয়াত পেয়েও বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। গেট থেকেই তাকে ফিরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে কল্যাণ পার্টির এক নেতা বলেন, আমরা জোট ভাঙার পক্ষে নেই বলেই সরকার দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে আমাদের সঙ্গে এমন আচরণ করেছে। আর যারা হালুয়া-রুটির ভাগিদার হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। অথচ তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো মুক্তিযোদ্ধাও ছিলেন না।
তবে জোট ত্যাগের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে জমিয়তে উলামায়ের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, এটা স্রেফ গুজব। রাষ্ট্রপতির দাওয়াতে অংশগ্রহণ করেছি বলেই জোট ত্যাগ করা বোঝায় না।
বঙ্গভবনের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা স্বীকার করে মাওলানা নেজামী বলেন, কয়েক বছর আগে ফজলুল হক আমিনী যখন দলের চেয়ারম্যান তখন আমাদের বঙ্গভবন থেকে আমন্ত্রণ জানিয়ে বাসা থেকে সেই আমন্ত্রণপত্র ফেরত নিয়েছিল। এবার আমন্ত্রণ পাওয়ায় আমরা বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার সঙ্গে আরো কয়েকটি ইসলামী দলের নেতারা যোগ দিয়েছিলেন। তবে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে বঙ্গভবনের গেট থেকে ফিরিয়ে দেয়ার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন তিনি।
জোট ভাঙার বিষয়টি স্বীকার করে শরিক রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা বলেন, ২০১৪ সালের ১০ম জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৮ দলীয় জোট ভাঙার তৎপরতা শুরু হয়েছিল। নির্বাচনের আগে সফল হতে পারেননি কুশীলবরা। তখন বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি হস্তক্ষেপে এবং সঠিক মূল্যায়নের আশ্বাসে সেই চেষ্টা ভ-ুল হয়ে যায়। তবে নির্বাচনের পরে বেরিয়ে যায় পাঁচটি ছোট দলের একাংশ। কিন্তু নির্বাচন পরবর্তী বিশেষ করে ২০১৫ সালে এসে বিএনপি তাদের স্বরূপ পরিবর্তন করেছে। জোটগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে তারা টালবাহানা শুরু করেন। এড়িয়ে চলেন জোটের নেতৃত্বকে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০১৫ সালের আন্দোলন কিংবা পরবর্তী সময়ে এমনকি আসন্ন পৌরসভা নির্বাচন নিয়েও জোটের মধ্যে কোনো সমন্বয় করা হয়নি। বিএনপি যে মনিটরিং সেল গঠন করেছে তাতেও জোটের শরিকদের রাখা হয়নি। এমনকি আলোচনাও করা হচ্ছে না। নামকাওয়াস্তে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া আমাদের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে এবং বাস্তবায়ন করতে তাদের একতরফা নীতি আমাদের হতাশ করছে। এরপরও আমরা জোটের সঙ্গে আছি, আগামীতেও থাকব। তবে আমাদের ভেতরে দাগ রয়ে যাবে। এটা হয়তো অনেক দলের শীর্ষ নেতারা সহজভাবে মেনে নিতে পারছেন না। তাই রাগে-ক্ষোভে জোট থেকে বের হওয়ার চিন্তা করছে।
অপর একটি দলের শীর্ষ নেতা বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই চলছে বিএনপি কিংবা জোট। জোটের শরিক দলগুলোর মাঝে কোনো সমন্বয় না থাকার কারণে এর প্রভাব তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এমনকি জোটের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল জামায়াতের সঙ্গেও বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে। এর প্রভাব আগামী পৌর নির্বাচন পড়বে বলেও তিনি আশঙ্কা করেন।
এদিকে ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট ত্যাগের সম্ভাবনায় স্বস্তিও প্রকাশ করেছে শরিক অনেক রাজনৈতিক দল। তাদের মতে, এর মাধ্যমে বিএনপি ও জোট উপকৃত হবে। জঙ্গিবাদ আর মৌলবাদের তকমা থেকে অন্তত নিজেদের রক্ষা করা যাবে বলেও মন্তব্য করেন তারা।
জোট ভাঙার বিষয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে যাওয়া ন্যাশনাল পিপলস পার্টির (একাংশ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফের এক শীর্ষ নেতা জানিয়েছেন, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে বিকল্প একটি জোট গড়ে উঠতে পারে। এতে ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামায়ে ইসলাম দল, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্য আন্দোলনসহ কয়েকটি ইসলামী দল যোগ দিতে পারে। এছাড়া নতুন ওই জোটে বিকল্পধারা ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টও যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ায় জোট থেকে বহিষ্কৃত হন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুু। ওই বছরের শেষের দিকে নীলুসহ ছোট পাঁচটি দলের ভগ্নাংশ ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায়। এরপর ১০টি ছোট দল নিয়ে নীলুর নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট।
জোট ভাঙার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, জোট ভাঙার কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা বিভ্রান্তির জন্য প্রচারণা। আমরা জোটগতভাবে দেশের গণতান্ত্রিক সঙ্কট উত্তরণে কাজ করে যাচ্ছি। এ সঙ্কট না কাটা পর্যন্ত জোটে কোনো ভাঙন হবে না বলেও তিনি মনে করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১৮ এপ্রিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা চারদলীয় জোট কলেবরে বেড়ে ১৮ দলীয় জোট হয়। বিএনপি ছাড়া সে সময় জোটের শরিকরা ছিল জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ। পরে পর্যায়ক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) ও সাম্যবাদী দল এই জোটে যোগ দিলে তা ২০ দলীয় জোটে পরিণত হয়। মানবকন্ঠ











