বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কি আইএসের হুমকির মুখে?

news-image

সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী মুসলিম দেশগুলোর জোটে বাংলাদেশ। আইএস-বিরোধী এই ‘সামরিক’ জোটে বাংলাদেশের যোগদান নিয়ে চলছে নানা হিসেব-নিকেশ। এ জোটে যোগদানের ফলে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিরা কি আইএসের রোষানলে পড়বে?-এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

তবে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন নই। আমরা মনে করি, এই জোটে যোগ দেয়ার কারণে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশের নাগরিকরা আইএস-এর হুমকির মুখে পড়বে না। আমরা সন্ত্রাসবিরোধী সৌদি নীতির সঙ্গে একমত হয়ে জোটে যোগ দিয়েছিঅ।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও একই ধরনের কথা বলেছেন।
৩৪টি মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশের যোগ দেয়ার খবর নিশ্চিত করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের অনুরোধে সাড়া দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রাথমিকভাবে এই আইএস-বিরোধী জোটে যোগ দিতে রাজি হয়েছেন। সমন্বিত উপায়ে সন্ত্রাসবাদ দমনে অভিজ্ঞতা বিনিময় ও প্রয়োজনীয় সমর্থন জোগানোর জন্য রিয়াদে একটি কেন্দ্র স্থাপন করা হবে। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি মতাদর্শ দমনে তথ্য-উপাত্ত বিনিময়সহ প্রয়োজনীয় সহযোগিতা জোগাবে এই কেন্দ্র।’

পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এটাকে কোনো সামরিক জোট বলছে না। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম একে সামরিক জোট হিসেবেই অভিহিত করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির সুফল যে বাংলাদেশ পেয়েছে, সে কারণেই এই জোটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। একসময় তালেবান নিয়ে বিশ্ব চিন্তিত ছিল, এখন আইএস নিয়ে চিন্তিত।’
এদিকে বাংলাদেশ ইন্সটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্যাডিস (বি আইপিএস)-এর প্রধান মেজর জেনারেল (অব.) এএনএম মুনীরুজ্জামান বলেন, ‘সৌদি আরবের নেতৃত্বে এই জোটটির চরিত্র এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দু-একটি একে আইএস বিরোধী সামরিক জোট বললেও, সৌদি আরব তা স্পষ্ট করেনি। তবে এ ধরনের জোট শেষ পর্যন্ত সামরিক জোট হতে পারে। এর কাজের এলাকাও বিস্তৃত হতে পারে। তবে এই জোট আইএস-এর বাইরে সন্ত্রাসবিরোধী অবস্থান নেবে কিনা – তা ধীরে ধীরে স্পষ্ট হবে।’

উল্লেখ্য জোটে বাংলাদেশের অংশ নেয়া নিয়ে কোনো লাভ-ক্ষতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘লাভ-ক্ষতির হিসাব করতে হলে জোটের চরিত্র স্পষ্ট হতে হবে। তার আগে কিছু বলা যাবে না। তবে পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সূত্র জানায়, সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী মুসলিম দেশগুলোর জোটে বাংলাদেশ যোগ দিলেও সামরিক অভিযানে অংশ নেবে না। এ ক্ষেত্রে বাংলাদেশ মূলত রিয়াদে প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাথে গোয়েন্দা তথ্য ও অভিজ্ঞতা বিনিমিয় করবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ই মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল-গানি তেলক্ষেত্র থেকে বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে অপহরণ করেছিল তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস। ১৮ দিন পর অবশ্য তাঁদের বিনাশর্তে মুক্তি দেয়া হয়।