বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে যানজটের ক্ষতি বেড়ে দ্বিগুণ

news-image

প্রায় দেড় কোটি মানুষের নগর রাজধানীতে যানজট পরিস্থিতি দিন দিনই আরো ভয়াবহ হয়ে উঠছে। বর্তমান সময়ে কেবল যানজটেই বছরে আর্থিক ক্ষতি হচ্ছে কমপক্ষে ৭৩ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২০০ কোটি টাকা। প্রতিদিন নষ্ট হচ্ছে ৮৩ লাখ কর্মঘণ্টা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে সরকার মেট্রো রেল, উড়াল সেতু, উড়াল সড়ক নির্মাণের উদ্যোগও নিচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে তেমন একটা গতি নেই। এ অবস্থায় রাজধানী ঢাকাকে গতিশীল করতে কয়েকটি প্রস্তাব তুলে ধরেছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের একাধিক বিশেষজ্ঞ। সে অনুযায়ী দুই হাজার কোটি টাকা ব্যয় করলে রাজধানীকে যানজটমুক্ত করা সম্ভব।

 

সওজ অধিদপ্তরের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তিনজনের একটি দল বিগত ২০১০ সালের জুুলাইয়ে একটি হিসাব দিয়েছিল। সে অনুযায়ী যানজটে বছরে ক্ষতির পরিমাণ ছিল ২০ হাজার কোটি টাকা। আর একজন মানুষের ক্ষেত্রে শ্রমঘণ্টা নষ্ট হতো তিন ঘণ্টা। গণপরিবহন থেকে রাজস্ব গচ্চা যেত দুই হাজার কোটি টাকা। যানজটের কারণে রাজধানীতে গাড়ি ঢুকতে না পারায় দিনে আয় কম হতো দুই হাজার কোটি টাকার। এ ছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় নগরে চলাচলরত যানবাহনগুলোকে যানজটে গড়ে প্রায় সাড়ে সাত ঘণ্টা আটকে থাকতে হতো। সব মিলিয়ে যানজটে দিনে আর্থিক ক্ষতি তখন ছিল ১০০ কোটি টাকা। পাঁচ বছরের ব্যবধানে ওই ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে।

 

গবেষক আবদুল্লাহ আল মামুন গতকাল সোমবার সঙ্গে আলাপকালে জানান, গত পাঁচ বছরে মূল্যস্ফীতি, জনপ্রতি আয় বৃদ্ধি, ভ্রমণের সময় বেড়ে যাওয়ার মতো বিষয়গুলোর কারণে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। এ বিষয়ে তিনি কিছুদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন বলে জানান। কর্মঘণ্টা নষ্ট হওয়ার কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছে তাতে উৎপাদন, বিনিয়োগ ও ভোগের প্রতিটি পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়ছে। এই ক্ষতির কারণে পণ্যের প্রকৃত উৎপাদন খরচ বাড়ছে। প্রতিযোগিতায় সক্ষমতা কমছে, নিরুৎসাহিত হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। এ কারণে বিশেষজ্ঞরা দ্রুত যানজট নিরসনে ফলপ্রসূ পদক্ষেপনেওয়ার সুপারিশ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিল্প-কারখানাসহ সরকারি-বেসরকারি স্থাপনা ঢাকা থেকে সরানোর সুপারিশও রয়েছে তাঁদের।

 

বিশেষজ্ঞরা বলছেন, যানজট থেকে রাজধানীকে রক্ষা করতে হলে মেট্রো রেল, ইউ লুপ স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা আনার দিকে নজর দিতে হবে। পার্কিং সুবিধা নিশ্চিত করতে হবে। চালু করতে হবে আরো দ্বিতল বাস। এ ছাড়া প্রাইভেট কার নিবন্ধনে নিয়ন্ত্রণ আনতে হবে। জানা গেছে, প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৫-এ প্রাইভেট কার নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। তবে বিআরটিএ প্রতিদিন এখনো গড়ে রাজধানীতে ১৮০টি যান্ত্রিক পরিবহনের নিবন্ধন দিয়ে যাচ্ছে।jam

 

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র তাঁদের নির্বাচনী ইশতেহারে যানজট নিরসনকে অগ্রাধিকার দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক যানজট নিরসনের জন্য রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। সাতরাস্তা থেকে গাজীপুরের তেলিপাড়া পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কে ২২টি ইউ লুপ বসিয়ে যানজট ৩০ শতাংশ কমিয়ে আনার উদ্যোগও রয়েছে তাঁর।

 

যানজট নিরসনে এই ইউ লুপ তত্ত্বের প্রবর্তক প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, অর্ধ যুগের বেশি সময় ধরে গবেষণা করছি। ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণে নীতিনির্ধারকদের কাছে বারবার ধরনা দিয়েছি। শেষ পর্যন্ত ইউ লুপ স্থাপনে ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ আগ্রহ দেখানো হয়েছে। দুই গবেষকের সুপারিশ : রাজধানীর রাজপথে একই সঙ্গে ‘সবিরাম’ ও ‘অবিরাম’ যানবাহন চলাচল নিশ্চিত করা গেলে যানজট সমস্যা সমাধান করা যাবে বলে মনে করেন গবেষক সন্তোষ কুমার রায় ও সৈয়দ আসলাম আলী। এ জন্য প্রধান সড়কগুলোর সংযোগস্থলে প্রাথমিকভাবে ৭৩টি ওভারপাস বা আন্ডারপাস তৈরি করতে হবে। তাতে ব্যয় হবে মাত্র দুই হাজার কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকৌশলীরা তাঁদের এক গবেষণাপত্রে এ কথা বলেছেন। নতুন এই কৌশল বাস্তবায়নের পাশাপাশি সমন্বিত গার্মেন্টপল্লী, ভ্রমণ হ্রাসে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটনির্ভরতা বাড়ানো, কমলাপুর রেলস্টেশন জয়দেবপুরে স্থানান্তর, বাস র‌্যাপিড ট্রানজিট, মেট্রো রেল চালুসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কিছু সুপারিশও তাঁরা তুলে ধরেছেন।

 

সন্তোষ কুমার রায় বলেন, ‘ফ্লাইওভার করায় যানজট কমেনি; স্থানান্তরিত হয়েছে মাত্র। আমরা মনে করি, সিগন্যালের কারণে সবিরাম যান চলাচল বিঘিœত হওয়ায় যানজট বাড়ছে। বিভিন্ন লেনে সবিরাম ও অবিরাম যান চলাচল নিশ্চিত করতে পারলে যানজট থাকবে না। এ জন্য বড়জোর দুই হাজার কোটি টাকা ব্যয় হবে।’

 

ঢাকা শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্ট চারটি আবদুল্লাহপুর, যাত্রাবাড়ী, গাবতলী ও পোস্তগোলা (প্রথম বুড়িগঙ্গা সেতু)। এসব পয়েন্টকে সংযোগকারী প্রধান সড়কগুলোও প্রধানত চারটি রুটে বিভক্ত। রুটগুলোর মধ্যে রয়েছে আবদুল্লাহপুর/টঙ্গী থেকে ফার্মগেট ও শাহবাগ হয়ে যাত্রাবাড়ী, কুড়িল থেকে খিলগাঁও হয়ে যাত্রাবাড়ী, মহাখালী থেকে মগবাজার, কাকরাইল, বিজয়নগর ও শাপলা চত্বর হয়ে সায়েদাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, গুলিস্তান হয়ে পোস্তগোলা/দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু।

 

দুই প্রকৌশলী বলছেন, ইন্টারসেকশন, লেভেলক্রসিং ও ট্রান্সভার্স ক্রসিংয়ে ছোট ছোট অতি সরলাকৃতির ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। এগুলোর প্রতিটির ব্যয় ২৫ থেকে ৩৫ কোটি টাকার মতো হবে। সে হিসাবে সাকল্যে খরচ দাঁড়াবে প্রায় দুই হাজার কোটি টাকা। চারটি প্রধান রুটে প্রাথমিকভাবে এগুলোর সংখ্যা হবে ৭৩টি। দেশীয় সম্পদ, প্রযুক্তি ও প্রযুক্তিবিদদের ব্যবহার করলে এগুলো নির্মাণে দুই বছরের বেশি সময় লাগবে না।