বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব এমপিদের

news-image

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে আরও প্রায় ৯ সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সব দায়িত্ব চাপিয়ে দেয়া হচ্ছে কর্মকর্তাদের উপর।
 
রোববার নির্বাচনে কমিশনে অনুষ্ঠিত কমিশন বৈঠকে সুপারিশের জন্য এমপিদের আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন পেশ করে নির্বাচন আচরণবিধি মনিটরিং শাখা। সে বৈঠকে এবারও বিধি অনুসারে ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়ার সিদ্ধান্ত হয়। এজন্য রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হচ্ছে বলে বৈঠক সূত্র জানায়।
 
ইসি সূত্রে জানা যায়, যেসব এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়, তারা হলেন- শরীয়তপুরের নাহিম রাজ্জাক, হবিগঞ্জের অ্যাডভোকেট আবু জাহির, নাটোরের অধ্যাপক আবদুল কুদ্দুস, সিরাজগঞ্জের হাসিবুর রহমান স্বপন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর,  কিশোরগঞ্জের অ্যাডভোকেট সোহরাবউদ্দিন আহমেদ ও আফজাল হোসেন, ফরিদপুরের মো. আবদুর রহমান এবং রাজশাহীর আব্বাস আলী।
 
এসব এমপির বিরুদ্ধে বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘনের প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসে। এ প্রতিবেদনগুলোকে আমলে নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের এ নির্দেশ দেন ইসি।

এ বিষয়ে রোববার দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, বিদ্যমান আইনে বিচারিক ক্ষমতা রিটার্নিং কর্মকর্তাকে দেয়া আছে। আচরণবিধি লঙ্ঘন হলে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ‘অন দ্যা স্পট’ ব্যবস্থা নেবেন।

পৌর নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো সরকারি সুবিধাভোগী ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
 
এ আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। সর্ব্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও আছে ইসির।
 
এর আগে গত ৭ ডিসেম্বর তিন এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছিল ইসি। এর ফলে ইসি থেকে তিন এমপিকে শোকজ নোটিশ পাঠানো হয়। শোকজের পরে তারা ‘দুঃখ প্রকাশ’ করে জবাবও দিয়েছেন।
 
তবে পরবর্তীতে দুই মন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেও কমিশন থেকে ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার উপর বিষয়টি ছেড়ে দেয় ইসি। যদিও ইসির এ ভূমিকা বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। কিন্তু এবারও একই পথে হাঁটলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
 
এ বিষয়ে গত ১০ ডিসেম্বর ইসি সচিব মো. সিরাজুল ইসলাম  সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে ইসি নয়, রিটার্নিং কর্মকর্তারাই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নেবেন। এরপর ওইদিনই দুই মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনার ব্যবস্থা নিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়ে চিঠি পাঠায় ইসি।
 
এ বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ  ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির অগাধ ক্ষমতা রয়েছে। কিন্তু তার প্রয়োগ দেখতে পাচ্ছি না। এ কারণে ইসির সক্ষমতা ও নিরপেক্ষতা দুটিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। যদিও এই নির্বাচনকে সুষ্ঠু করার মধ্য দিয়ে বিগত কয়েকটি নির্বাচনে যে বিতর্ক ছিল, তা থেকে উত্তরণের সুযোগ হিসেবে কাজে লাগাতে পারতো। কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান পরিস্থিতি আশার গুড়ে বালি বলেই মনে হচ্ছে।’

ইসি কর্মকর্তারা জানান, গত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের এমন ঘটনা অনেক ঘটেছে। ওইসময়ে প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে নালিশ ও শোকজ নোটিশ দিয়ে দায় সেরেছিল ইসি। এবারও তার ব্যত্যয় হবে না।
 
আচরণবিধি লঙ্ঘনের সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপের সুযোগ রয়েছে। এছাড়াও ইসির নির্দেশে রিটার্নিং কর্মকর্তা মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলা করতে পারেন। তবে মাঠ কর্মকর্তারা মন্ত্রী-এমপির বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে সাহস পান না। এ ক্ষেত্রে ইসি থেকে ব্যবস্থা নিলে কর্মকর্তারা তা বাস্তবায়নে বাধ্য হবে বলে জানান তারা।’ 

উল্লেখ্য, ২৩৪ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ। বাংলামেইল