দাউদ ইব্রাহিমের রেস্তোরাঁ বিক্রি হলো ৪ কোটি ২৮ লক্ষ টাকায়
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ‘রওনক আফ্রোজ’ রেস্তোরাঁটি বিক্রি হয়ে গেল ৪ কোটি ২৮ লক্ষ টাকায়। তার ব্যবহার করা সেডান গাড়িটির দাম অবশ্য বেশি ওঠেনি। মাত্র ৪ হাজার টাকায় সবুজ হুন্ডাই অ্যাকসেন্টটি কিনে নিলেন হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি। সাংবাদিক এস বালকৃষ্ণন আগেই জানিয়েছিলেন, দক্ষিণ মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের রেস্তোরাঁটি কিনে স্থানীয় ভেন্ডি বাজারের দুঃস্থ মহিলা ও শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের কাজে তিনি ব্যবহার করতে চান। ১ কোটি ১৮ লক্ষ টাকা বেস প্রাইস ছিল রেস্তোরাঁটির।
বুধবার নিলামে তোলা হয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মুম্বইয়ের কিছু সম্পত্তি। দক্ষিণ মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের একটি রেস্তোরাঁ, একটি সবুজ রঙের সেডান গাড়ি এবং মাতুঙ্গা শহরতলিতে ভাড়া দেওয়া একটি ঘর রয়েছে সেই তালিকায়। দক্ষিণ মুম্বইয়ের হোটেল ‘ডিপ্লোম্যাট’–এ বুধবারের নিলামে অংশ নিয়েছেন সাংবাদিক এস বালকৃষ্ণন, দিল্লির আইনজীবী অজয় শ্রীবাস্তব এবং হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি। যেহেতু দাউদের সম্পত্তি, সেহেতু কড়া পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাতুঙ্গার ঘরটি কিনতে আগ্রহ দেখিয়ে ইতিমধ্যেই ছোটা শাকিলের একটি হুমকি শুনেছেন আইনজীবী শ্রীবাস্তব। সবুজ সেডানটি বছরের পর বছর ধরে ধুলো খাচ্ছে ঘাটকোপার শহরতলির একটি থানার সামনে দাঁড়িয়ে। গুরুত্বপূর্ণ পাকমোদিয়া স্ট্রিটের রেস্তোরঁাটি, যার আগে নাম ছিল রওনক আফরোজ, পরে নাম পাল্টে রাখা হয় ‘দিল্লি জাইকা’।
১৯৮০–র দশকে এখানেই থাকতেন দাউদ ইব্রাহিম। সাংবাদিক বালকৃষ্ণন ‘দেশ সেবা সমিতি’ নামের একটি এন জি ও–র সভাপতি। তিনি এই রেস্তোরাঁটি কিনতে চান। স্থানীয় ভেন্ডি বাজারের দুঃস্থ মহিলা ও শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের কাজে তিনি ব্যবহার করতে চান জায়গাটি। এভাবেই ফেরার মাফিয়া ডনের কাছে বার্তা পৌঁছতে চান বালকৃষ্ণন, যে গুন্ডাগিরির দিন শেষ। ভারতে আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না দাউদ ইব্রাহিম। যদিও বালকৃষ্ণনকেও হুমকি দিয়েছে ছোটা শাকিল। প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা দামের এই রেস্তোরাঁটি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দাম্বারওয়ালায় থাকেন দাউদের ছোট ভাই ইকবাল কাসকার। মাতুঙ্গায় দাউদের ৩২.৭৭ বর্গ মিটারের ঘরটির বেস প্রাইস রাখা হয়েছে ৫০.৪৪ লক্ষ টাকা। আইনজীবী শ্রীবাস্তব তাদেরও শিল্পতালুকের দাউদের অংশটি কিনেছিলেন। ২০০১ সালে নিলাম থেকে কেনা সেই সম্পত্তির দখল এখনও নিতে পারেননি তিনি। কারণ, দাউদের বোন হাসিনা পার্কার ওই নিলামের বিরোধিতা করে আদালতে গিয়েছেন।











