চার ঘণ্টা পর কমলাপুরে অবরোধ তুলেছে শ্রমিকরা
কমলাপুর রেল স্টেশনের কাছে বাসচাপায় নিহত পোশাক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজধানীর ব্যস্ত দুই রাস্তা চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে পোশাক শ্রমিকরা।
ক্ষতিপূরণের দাবিতে কমলাপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ
তাদের অবরোধের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের কাছে ‘চাররাস্তার মোড়’ এবং মতিঝিলের নটরডেম কলেজের সামনে ‘টয়েনবি সার্কুলার রোড’ দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
এরই মধ্যে বেলা ১২টার দিকে কমলাপুরের পূর্ব পাশে মুগদা এলাকায় শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।
মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, ১২টার পর আরামবাগে নটরডেমের সামনে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পরে সর্বোচ্চ ক্ষতিপূরণের আশ্বাস দিলে শ্রমিকরা কমলাপুরের সামনের রাস্তা থেকেও সরে যায়।”
সোমবার রাত পৌনে ৯টার দিকে কমলাপুর রেল স্টেশনের কাছে চাররাস্তার মোড়ে বলাকা ট্রান্সপোর্টের একটি বাসের চাপায় আনুমানিক ৩০ বছর বয়সী পোশাক শ্রমিক আকলিমা আক্তার নিহত হন। তার তিন সহকর্মী রেহানা বেগম (২৭), হাজেরা বেগম (৩০) ও জসিম (২৮) আহত হন। ঘটনার পরপরই চালকসহ বাসটি আটক করা হয়।
নিহত আকলিমা কমলাপুরের ‘ওলিও অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় কাজ করতেন। থাকতেন মুগদা এলাকায়।
সহকর্মী নিহতের খবর পেয়ে রাতেই ওই কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে রাতেও ওই এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান, আরামবাগের ‘ড্রাইভ স্টার’, জোনাকি হলের সামনের ‘ইপু গার্মেন্ট’ ও ‘অলিও অ্যাপারেল লিমিটেডের’ শ্রমিকরা সকালে আবার রেল স্টেশনের সামনের সড়কে জড়ো হয় এবং পরে মতিঝিল থানার আল হেলাল বক্সের সামনে আইডিয়াল স্কুলের কাছে যানবাহন আটকে বিক্ষোভ শুরু করে।
বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদীর মালিকানাধীন ‘ওলিও অ্যাপারেলস লিমিটেড’ এর শ্রমিক শেফালী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে মারা গেছে তার পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এভাবে যাতে দুর্ঘটনা না হয় তার ব্যবস্থা নিতে হবে। চালকের বিচার করতে হবে।
ড্রাইভ স্টারের কর্মী সালমা বলেন, “আমরাতো শ্রমিক। কালতো আমিও এভাবে গাড়িচাপায় মরতে পারি।”
সালমার অভিযোগ, শুধু আকলিমা নন, সাথী ও রোকেয়া নামে আরও দুই শ্রমিক আগের রাতে দুর্ঘটনায় মারা গেছেন। পুলিশ লাশ দুটি ‘গুম’ করে ফেলেছে।
সালমার অভিযোগ অস্বীকার করে শাজাহানপুর থানার পরিদর্শক আবদুল মাবুদ বলেন, “এটা গুজব। বাসচাপায় একজনই মারা গেছে। আহত আছেন তিনজন।”
সালমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যা শুনেছেন তা সত্যি না। ইতোমধ্যে চালক আরিফকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।”
শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই পুলিশের পক্ষ থেকে কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা চলে। বিজিএমইএ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মঞ্জুর খালেদ ঘটনাস্থলে আসেন।
পরে পুলিশ কর্তৃপক্ষ ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিলে দুপুরে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।
এদিকে দীর্ঘ সময় দুই রাস্তা বন্ধ থাকায় কমলাপুরের আশপাশের সড়কগুলোয় যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়। কমলাপুর, মতিঝিল, আরামবাগ এলাকায় দেখা দেয় তীব্র যানজট।
বাসযাত্রী শামীম আহমেদ জানান, মতিঝিলে যাওয়ার পথে রাস্তা বন্ধ থাকায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে আটকে ছিল তার বাস। পরে ১১টার দিকে পুলিশ বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয়।
দুর্ঘটনার বর্ণনা দিলেন নিহতের সহকর্মী
ওলিও গার্মেন্টের শ্রমিক মো. ইমান জানান, সোমবার রাতে কাজ শেষে তিনি আকলিমার সঙ্গে বাসায় ফিরছিলেন।
“ছুটির পরে আমি আর আকলিমাসহ অন্যরা রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিলাম। রাস্তা পার হওয়ার সময় বলাকার বাসটা আসে, আকলিমাকে চাপা দেওয়ার আগে একটা রিকশাকেও ধাক্কা দেয়। আমি দৌড়ে পার হওয়ার সময় পেছনে তাকিয়ে দেখি আকলিমাসহ আরও ৩/৪ জন রাস্তায় পড়ে আছে।”
বাসের চাকা আকলিমার মাথার উপর দিয়ে গিয়েছিল বলে জানান তিনি।











