শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারের মনে এখন একি প্রশ্ন- ভোট দিতে পারব তো এবার ?

news-image

এবারই প্রথম দলীয় প্রতীকে হচ্ছে পৌরসভার নির্বাচন। আর তাই এ নির্বাচনকে গুরুত্বের সাথে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে সবচেয়ে বেশি সিরিয়াস ছিল দলটি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের পৌরসভা নির্বাচনে সরকারের জন্য দুটি চ্যালেঞ্জ আছে। যার একটি হল নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করা। অন্যদিকে দলীয় প্রার্থীর জয়। বর্হিবিশ্বে সরকারের জনপ্রিয়তা দেখাতে এ নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে দলটির নীতিনির্ধারকেরা। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল।
তাদের মতে, সরকার যেভাবে দেশব্যাপী গণগ্রেফতার, মামলা-হামলা অব্যাহত রেখেছে তাতে নির্বাচন যে সুষ্ঠু হবে না তা আগে থেকেই অনুমান করা যায়। নির্বাচনকে সামনে রেখে গত এক মাসে দশ হাজারেরও বেশি বিরোধী জোটের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিয়ত গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও সেটি আমলে নিচ্ছে না সরকার। সর্বশেষ নির্বাচন কমিশনে অভিযোগ করেও এর কোনো সুফল আসছে না।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে শঙ্কা। সাম্প্রতিক নির্বাচন গুলোতে অনেক ভোটারই ভোট দিতে পারেননি। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট হয়ে গেছে। এবারও একই শংকায় ভুগছেন অনেকে। ভোটারের মনেই এখন এ প্রশ্ন- এবার ভোট দিতে পারব তো?
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, যে কোনো মূল্যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা হবে। কিন্তু সাম্প্রতিক নির্বাচনগুলোর অভিজ্ঞতায় সেই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউ।
নির্বাচনে প্রচারে নেমে অনেক বিএনপি প্রার্থীও এ শঙ্কা করছেন। বরিশালের মুলাদি পৌর সভার বিএনপির মেয়র প্রার্থী আসাদ মাহমুদও সেই শঙ্কার কথা বললেন। তিনি বলেন, ‘যেখানেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতে গেছি তারা প্রশ্ন করেছেন- ভোট নিরপেক্ষ হবে কিনা।’ সাবেক এমপি বিএনপির নেতা মোশাররফ হোসেন মংগু বলেন, ‘বিগত নির্বাচনগুলোর ভোটের ইতিহাস প্রমাণ করে এখানে বিএনপির ভোট বেশি। তবে এ সরকারের আমলে অনুষ্ঠিত পৌর আর উপজেলা নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষ। তাই ফলও গেছে পাল্টে। ৩০ ডিসেম্বরও যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে তাহলে ভবিষ্যতে আর কোনোদিন ভোটাররা ভোট কেন্দ্রেই আসবেন না।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, ‘বিগত পৌর নির্বাচনে ভোটের দিন গৌরনদীতে নজিরবিহীন সন্ত্রাস হয়েছিল। ক্ষমতাসীন দলের বেপরোয়া সন্ত্রাস আর হামলার পাশাপাশি অবরুদ্ধ করে রাখা হয় আমাকে। কেন্দ্র দখল করে ভোট মারা হয়। উপজেলা নির্বাচনে ভোট শেষ করা হয় সকাল ১০টার মধ্যে। একপর্যায়ে নির্বাচন বয়কটের ঘোষণা দেন আমাদের প্রার্থী।’
বরিশাল (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাচনে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় নির্বাচন বয়কট করেছিলেন প্রার্থীরা। এটা যে শুধু বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে হয়েছিল তা নয়, স্বতন্ত্র, আওয়ামী লীগের বিদ্রোহী, এমনকি ১৪ দলীয় জোটের শরিকরা পর্যন্ত বয়কট করেছিল নির্বাচন। কোনো কোনো উপজেলায় ৯০-৯৫ ভাগ ভোট কাস্ট হওয়ার রেকর্ডও গড়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। একই ঘটনা ঘটেছিল এর আগে পৌর নির্বাচনে।’
ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া বলেন, ‘রোববার রাতে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ খলিফাকে। প্রায় প্রতিদিনই চলছে গ্রেফতার অভিযান। এর আগে উপজেলা আর পৌর নির্বাচনের সময়ও এমনটিই হয়েছিল। এ নির্বাচনেও যে ভোট ডাকাতি হবে না তা বলি কী করে?’
রবি ও সোমবার বরিশালের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলাকালে প্রায় প্রতিটি দফতরেই লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়। এর সিংহভাগই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। বানারীপাড়া পৌর এলাকার বিএনপি সমর্থিত ভোটার জব্বার মল্লিক বলেন, ‘ভোট একটা উৎসব। তবু সেখানে যাইনি ভয়ে। যদি পুলিশে ধরিয়ে দেয়? বিএনপির প্রায় সব নেতাকর্মীর মধ্যেই কাজ করছে এমন ভীতি।’
উজিরপুর পৌর এলাকার ভোটার কামরুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে এই প্রথম পৌর নির্বাচন হচ্ছে। গেল উপজেলা নির্বাচনে ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনি ভোট দেয়া হয়ে গেছে। এবার নতুন পৌরসভার প্রথম নির্বাচনে ভোট দেয়ার খুব ইচ্ছা। আশা করি, সরকার আমাদের ইচ্ছা পূরণ করবে।’ একই কথা বলেন পিরোজপুর সদর পৌরসভার আবুল কালাম আজাদ, মেহেন্দীগঞ্জের রজব প্যাদা, মুলাদির একাব্বর মৃধা আর নলছিটির বশির আহম্মেদসহ অনেকে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘এর আগের উপজেলা নির্বাচনে দল বেঁধে নির্বাচন বয়কট করেছেন আওয়ামী লীগ ব্যতীত সব দলের প্রার্থীরা। বরিশালের ৩৮ উপজেলার নির্বাচনে বিএনপি মাত্র ৪টিতে জিতেছে এটা কি বিশ্বাসযোগ্য? আগেরবারের পৌর নির্বাচনে বিএনপিকে দয়া করে দেয়া হয়েছিল ২টি পৌরসভা।
ভোট ডাকাতির নয়া রেকর্ড সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ৫ জানুয়ারি থেকে যার সূচনা। পৌর নির্বাচন নিয়েও তাই আমরা শংকার মধ্যে রয়েছি।’
এমনকি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কণ্ঠেও বাজছে একই সুর। বরগুনা সদর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন বলেন, ‘ভোটের দিন কেন্দ্র পাহারা দেবে আমার কর্মীরা। কোনোরকম কারচুপি কিংবা ভোট ডাকাতির ঘটনা ঘটতে দেয়া হবে না।’ বিএনপির মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম বলেন, ‘কারচুপির আশংকা রয়েছে বলেই তো উনি এরকম কথা বলেছেন।’
এসব বক্তব্য মানতে নারাজ মুলাদিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র শফিকুজ্জামান রুবেল। বলেন, ‘এখনও যেখানে প্রচারণাই শুরু হয়নি সেখানে এসব কথা বলার কোনো মানে নেই। নিশ্চিত পরাজয় জেনে আগে ভাগে সম্মান বাঁচানোর চেষ্টা করছেন তারা।’
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস বলেন, ‘প্রতিটি নির্বাচনের পর যার যার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেছেন প্রার্থীরা। কমিশন সেগুলোর সমাধানও দিয়েছে। এমনকি আদালতে মামলা পর্যন্ত হয়েছে। বর্তমান পৌর নির্বাচনে প্রচারণা এখনও শুরু হয়নি। এরই মধ্যে এ অভিযোগ করার মানে হচ্ছে নির্বাচন নিয়ে ঘোলাটে পরিবেশের সৃষ্টি করা। তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তা তারা নিজেরাও জানেন। নির্বাচনে ভরাডুবি হবে বুঝে তারা ইজ্জত বাঁচাতে এসব অপপ্রচার করছেন।’