বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী জয়ী

news-image

 পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় চাঁদপুরের ছেঙ্গারচর ও ফেনীর পরশুরাম পৌরসভায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এরা হলেন- ছেঙ্গারচরে রফিকুল আলম জর্জ, পরশুরামে নিজাম উদ্দিন চৌধুরী। যুগান্তর অনলাইন
গতকাল শনিবার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ছেঙ্গারচরে বিএনপির সারোয়ারুল আবেদীন খোকনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে আওয়ামী লীগের রফিকুল আলম জর্জ একক প্রার্থী হিসেবে আছেন। এই পৌরসভায় মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
জেলার মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, সারোয়ারুল আবেদীনের আবেদনপত্র অসম্পূর্ণ থাকায় যাচাই-বাছাইয়ের সময় তা বাতিল হয়ে যায়।
এ ব্যাপারে সারোয়ারুল আবেদীন বলেন, আমি ঠিকমতোই আবেদনপত্র পূরণ করেছিলাম, কিন্তু কেন বাতিল করা হয়েছে, বুঝতে পারছি না। শিগগিরই আপিল করব।
এদিকে পরশুরামে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে পৌরসভা রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদের জামানতের টাকা কম ও প্রস্তাবকারী-সমর্থককারীর আইডিকার্ড ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া জেলার ৩টি পৌরসভার কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ৩৩ জন একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। উল্লেখ্য ৩ পৌরসভায় বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি।