বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ উৎপাদনে সমন্বিত উদ্যোগ নেবে বাংলাদেশ-ভারত

news-image

ইলিশ মাছের প্রজনন, সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগ নেবে বাংলাদেশ ও ভারত। এ জন্য ইলিশ সংরক্ষণে দুই দেশে সচেতনতা বাড়াতেও কাজ করা হবে।

গালফ টাইমসের এক প্রতিবেদনে আজ রোববার বলা হয়েছে, ভারতের গোয়ায় মৎস্য প্রজননক্ষেত্রে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে। এ ব্যাপারে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে গতকাল শনিবার এ তথ্য জানা যায়। 

ভারতের কৃষি ও চাষি কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আদিত্য কুমার জোসি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। 

ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছ সংরক্ষণে জেলে ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়াতে সমন্বিত ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য দুই দেশের জাতীয় মাছ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নীতির মাধ্যমে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের ব্যাপারে প্রস্তাব করা হয়েছে।

প্রসঙ্গত, প্রজননক্ষম ইলিশ ধরা নিষিদ্ধ ও অভয়ারণ্য প্রতিষ্ঠার সুফল হিসেবে বাংলাদেশে এই মাছের উৎপাদন বেড়েছে। তবে ভারতে ইলিশের উৎপাদন কমেছে।