বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজে গোয়েন্দা মোতায়েন (ভিডিও)

news-image

শুক্রবার জুমার নামাজের সময় রাজধানীসহ শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি মসজিদে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন করে সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় ইসলামিক চিন্তাবিদদের দাবির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন তিনি। এ প্রসঙ্গে আইজিপি বলেন, ইমামরা তাদের বক্তব্য ও খুতবায় জঙ্গিদের নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন কিনা সে বিষয়ে জানতে জুমার নামাজের সময় শহরগুলোর প্রতিটি মসজিদে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন করে সদস্য মোতায়েন করা হবে।
শহীদুল হক বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তরুণ যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে হত্যা করলে বেহেস্ত যাওয়া যাবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে হত্যার কোন জায়গা নেই। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে যারা দেশ ও ইসলামের নিরাপত্তারা জন্য হুমকি, তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে জনমত তৈরি করতে হবে।
ওলামাদের উদ্দেশে তিনি বলেন, ২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়ে আছে। অতি দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক সেটা আমরা প্রত্যাশা করছি। ধর্মের নামে যারা অপপ্রচার করে তাদের কাউন্টার দেবেন। সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হব।
আইজিপি বলেন, সরকার ইসলাম বিরোধী নয়। তরুণ যুবকদের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রকৃত আলেম-ওলামাদের মিডিয়ায় ইসলামী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, কওমি ও আলিয়া মাদরাসার সরকারি সনদ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সরকারকে এ বিষয়ে অবহিত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর গোলাম মাওলা নকশবন্দী বলেন, যারা জঙ্গিবাদে যুক্ত তারা গোপনে বোমা মেরে এসব করেছে। মসজিদের ইমামদের খুতবা রেকর্ড করা ও ইমামদের নামের তালিকা করা উচিত। যাতে সরকারবিরোধী বক্তব্য ও প্রচারণা না করতে পারে।
অবশ্য ইমামদের প্রশিক্ষণ দিয়ে থাকে ইসলামী ফাউন্ডেশন। ইমামদের ধারাবাহিক প্রশিক্ষণ দিতে রাজধানীর আগারগাঁওয়ে একটি কেন্দ্র কাজ করছে। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি মসজিদে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুৎবা সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়ে থাকে।
অনুষ্ঠানে আহলে সুন্নত আল জামাতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি বলেন, ইহুদি ও মার্কিনদের সঙ্গে আইএস এর সম্পর্ক রয়েছে। এদের মাধ্যমেই তারা বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়। কওমি ও আলিয়া মাদরাসার মাধ্যমে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এদের সম্পর্কে সঠিক তদারকি প্রয়োজন।
ইসলামিক চিন্তাবিদরা যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের ফাঁসির দাবি জানালে জবাবে আইজিপি বলেন, এ দেশের বিচার বিভাগ স্বাধীন। মামলার রায় প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ হলেই এ রায় কার্যকর করা হবে।
এদিকে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে অনুষ্ঠানে আইজিপির প্রতি অনুরোধ জানান ওলামারা। এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, পিস টিভি বন্ধের ব্যাপারে বলেছেন, সেখানে ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রী ও পুলিশকে জানান। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।
জনগণকে জঙ্গিবাদ বিরোধী তৎপরতায় উদ্বুদ্ধ করতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানিয়ে একেএম শহীদুল হক বলেন, যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে তাহলে সেটা সামনে এসে বলুন কিন্তু বোমা মেরে জিহাদ কায়েম করলে সেটা বোঝা যায় যে তারা দুস্কৃতিকারী।
বৈঠকে নিজেদের নিরাপত্তায় পুলিশের সহায়তা চান ওলামা মাশায়েখরা । তারা বলেন, পুলিশ যদি আমাদের নিরাপত্তা দেয় তাহলে এদেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না। আগামীতে জেলায় জেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করা হবে বলে বৈঠকে জানানো হয়।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?v=rRkKO4PGMvg