বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে কেঁচো সারের জনপ্রিয়তা স্বাবলম্বী মামুন

news-image

 সোনার হরিণ নামক চাকরির সন্ধানে অন্য সবার মতো ফাইল হাতে একের পর এক পরীক্ষা দিয়েছিল মামুন। কখনো কারো কাছে মিনতি করে সুপারিশ নিয়ে চেষ্টা করেছে চাকরির জন্য। কিন্তু চাকরি জোটেনি কপালে। বরং শিক্ষিত বেকার যুবকের অভিশাপ তাকে তাড়া করেছে। আর মামুন হন্যে হয়ে বিভিন্ন দপ্তরে করে দৌড়ঝাঁপ। অবশেষে মেধার অবমূল্যায়ন আর ঘুষ বাণিজ্যের কাছে পরাজিত কৃষক পুত্র মামুন খুঁজতে থাকে স্বাবলম্বী হওয়ায় পথ।

এ সময় তার সঙ্গে পরিচয় ঘটে কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হকের। ওই কৃষি কর্মকর্তার পরামর্শ আর মামুনের সাহসী উদ্যোগ শুরু হয় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির মিছিল। সেই মিছিলে মামুন বেছে নেয় স্বল্প ব্যয়ে পরিবেশবান্ধব কেঁচো সার উৎপাদনের পথ। সেই পথ ধরে মামুন এখন ‘কেঁচো মামুন’ হিসেবে জেলার সবখানেই পরিচিতি পেয়েছে।  

রংপুরের কাউনিয়া উপজেলার সফল কেঁচো সার উৎপাদক মামুনুর রশিদ বাংলামেইলের সঙ্গে আলাপচারিতায় তার স্বাবলম্বী হওয়ার গল্প বলেন এভাবেই। 

মামুন বলেন, ‘কৃষি কর্মকর্তা এমদাদুল হক তাকে পরিবেশবান্ধব কেঁচো সার উৎপাদনে উৎসাহ যুগিয়েছিলেন। তার পরামর্শে আর অল্প খরচে এ সার উৎপাদন করে একদিকে যেমন প্রচুর আয় করা যায়। অন্যদিকে কৃষিতে ব্যাপক অবদান রাখা যায়। এ স্বপ্ন নিয়েই এই পথে হাঁটতে শুরু করেন তিনি।  

২০১২ সালের জুলাই মাসে প্রথম তিনি আইএপিপি প্রকল্পের আওতায় দলভুক্ত হয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে মামুন। প্রশিক্ষণ শেষে কৃষি বিভাগ থেকে তাকে ৪শ কেঁচো দেয়। এরপর পরীক্ষামূলকভাবে নিজ বাড়ির উঠানের এক কোনায় কেঁচো সার উৎপাদনের কাজ শুরু করে। ওই সার নিজেদের জমিতে প্রয়োগ করে ভালো ফলাফল পেয়ে ২০১৩ সালে বাণিজ্যিকভাবে সার উৎপাদনের কাজ শুরু করে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

 

মামুন জানান, ২০১৫ সালে এ পর্যন্ত তার খামারে ৫০ মেট্রিক টন সার উৎপাদন হয়। এর মধ্যে তার নিজের জমিতে ১০ মেট্রিক টন, পুকুরে মাছের খাবার হিসেবে ৫ মেট্রিক টন সার ব্যবহার করে। বাকি ৩৫ মেট্রিকটন সার বাণিজ্যিকভাবে বিভিন্ন চাষীদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রয় করে আয় হয় সাড়ে তিন লাখ টাকা। এছাড়াও কেঁচো বিক্রয় করেছে প্রায় ৬০ হাজার টাকার মতো। এ সার উৎপাদনে তার সব মিলিয়ে ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা। 

জানা গেছে, তার খামারে ৩০টি রিংএ ৬০ কেজির মতো কেঁচো সার উৎপাদন প্রক্রিয়া চলছে। ৬০ কেজি কেঁচো বিক্রয়ের জন্য মজুত রয়েছে। বর্তমানে বাজার থেকে প্লাসটিকের ছোট ছোট বস্তা এনে ১০ কেজি করে সার প্যাকেটজাত করে বিক্রয় করছে। 

খামার ঘুরে সরেজমিনে দেখা গেছে, মামুন কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে সার প্রক্রিয়াজাত করছেন। তার উৎপাদিত সার এলাকায় ব্যাপক সারা ফেলেছে। এখন এলাকায় মানুষ কেঁচো মামুন (কেঁচো সার উৎপাদক) হিসেবে ডাকেন এবং চিনেন। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে তার সার কিনে নিয়ে জমিতে প্রয়োগ করছে। মামুনের এ সাফল্য দেখে এলাকার প্রায় অর্ধশতাধিক যুবক ও কৃষক কেঁচো সার উৎপাদনে ঝুঁকে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান জানান, মামুনুর রশিদ এখন সার উৎপাদক হিসেবে কাউনিয়ায় রোল মডেলে পরিণত হয়েছে। তার অনুসরণ করে অনেক কৃষক এ সার উৎপাদনে এগিয়ে আসছে। 

কেঁচো সারের গুণাগুণ সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, ‘কম খরচে উৎপাদিত এ সার একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে। এ সার ব্যবহারে মাটির উর্বরতা, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার হ্রাস হয়েছে। একইসঙ্গে ফসলের রোগ প্রতিরোধ, গাছ দ্রুত বৃদ্ধিতে ও মাটির তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এ কারণেই কেঁচো সারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।’