ফেসবুক অফিস খোলা হবে ঢাকায়!
ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দক্ষিণ এশিয়ায় ফেসবুকের উদীয়মান ব্যবসা ক্ষেত্র বাংলাদেশ। এ দেশে ফেসবুকের আঞ্চলিক অফিস খোলার ব্যাপারে গত বছর ১৭ মে ফেসবুকের সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে তারা প্রতিশ্রুতি দিয়েছিলো।
সেখানে ফেসবুকের হেড অব পলিসি প্রোগ্রাম লিসা ফস্টার ও ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দল।
জানা গেছে, ওই বৈঠকে বাংলা ভাষায় ফেসবুক, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন ও স্থানীয়ভাবে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করে দেশের তরুণ প্রজন্মের জন্য জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকে শিক্ষা সহায়ক টুলস প্রচলনের আহ্বান জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
সূত্রমতে, ওই বৈঠকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাবে।
বাংলাদেশ যখন ফেসবুকের উদীয়মান বাজার তখন হঠাৎ করেই এ দেশে নিরাপত্তার কারণ দেখিয়ে ফেসবুক বন্ধ করে দেয়া হয়। প্রাথমিক অবস্থায় বলা হয়েছিল নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়া গেলেই ফেসবুক খুলে দেয়া হবে।
এদিকে দ্রুত সময়ের মধ্যেই খুলছে নিরাপত্তা ইস্যুতে বন্ধ থাকা সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আগামী ৬ -৭ ডিসেম্বর এ নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন ফেসবুক কর্তৃপক্ষের দুই সদস্য।
টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠিকে গুরুত্ব দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দুপুরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ্লিকেশনগুলো (অ্যাপস)। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় এসব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।











