প্রতিবন্ধীরাও সমাজের মূল স্রোতের অংশ : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী লোকজন সমাজের বাইরের কেউ নয়। তারা সমাজের মূল স্রোতের অংশ। এটা মনে রেখেই তাদের সঙ্গে ব্যবহার করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, জাতিসংঘের দেওয়া এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) আমরা নির্দিষ্ট করেছিলাম, এখন এসডিজিও (টেকসই উন্নয়ন লক্ষ্য) নির্দিষ্ট করব আমরা। এসডিজিতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হলো, কেউ যেন সমাজে পিছিয়ে না থাকে। আমরা সে ব্যাপারে যথেষ্ট সচেতন।’
রাষ্ট্রের প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের মেধা যেন বিকশিত হতে পারে এবং তা যেন কাজে লাগানো যায়, সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সরকারের বোঝা নয়। একটা সময় অটিস্টিক বাচ্চা থাকলে বাবা-মা লজ্জিত হতেন, সে বাচ্চাকে সমাজের সামনে আনতেন না। এখন সে অবস্থা নেই।’
শেখ হাসিনা বলেন, ‘আমি সবার কাছে আবেদন করব যে, এরা আমাদের সংসার-সমাজ-দেশের অংশ। তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। তারাও মূল স্রোতের অংশ, সেটা মনে রাখতে হবে। সেভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া আমাদেরই দায়িত্ব।’
বক্তব্যে সমাজের ধনী ব্যক্তিদের প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে মেয়ে সায়মা ওয়াজেদের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সে যে অটিজমের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পেরেছে, সেটাই বড় কথা। বিশ্বব্যাপী এই ধারণা জাগ্রত হয়েছে।’
প্রতিবন্ধীদের ডাটাবেজ
বক্তব্যে প্রতিবন্ধীদের ডাটাবেজ তৈরির বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের অন্য নাগরিকের মতো তারাও সমান সুযোগ-সুবিধা পাবে বলে মন্তব্য করেন তিনি। আর এটা নিশ্চিত করতেই আজ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিবন্ধীদের পরিচয়পত্র দেওয়া হলো বলে জানান তিনি।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট
দেশে দুটি আইন ও বিধিমালা এবং প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদের সহায়তা ও সুরক্ষা দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের কোথায় কোন প্রতিবন্ধী ব্যক্তি আছেন, সে তথ্য সরকার সংগ্রহ করবে বলে জানান তিনি। এর ফলে কার, কী রকম চিকিৎসা ও সহায়তা প্রয়োজন, তা জানা যাবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এ মুহূর্তে ছয় লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, ৬০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে লেখাপড়া শিখতে সাহায্য করা হচ্ছে।
প্রতিবন্ধীদের বিশেষ স্কুল
প্রতিবন্ধীদের বিশেষ স্কুল তৈরি করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা দেশের জন্য কাজ করব। প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদের সম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের কাজ।’
প্রতিবন্ধীদের বিষয়ে সহানুভূতিশীল মনোভাব নিয়ে কাজ করার জন্য দেশের সব মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর তরফ থেকে বিভিন্ন স্থানে পাঠানো সব শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিল্পীদের আঁকা ছবি ব্যবহার করা হয়।
সব শেষে বিশ্বের সব প্রতিবন্ধী মানুষের জীবন আর দশটা মানুষের মতোই গড়ে উঠবে—এমন আশা নিয়ে নিজের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।











