পৌরসভা নির্বাচনেই প্রমাণ হবে কমিশন স্বাধীন না পরাধীন-এরশাদ
এবার নির্বাচন কমিশনের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। বলেছেন, ‘এক্স-রে করে দেখুন আপনাদের মেরুদণ্ড আছে কি-না। আপনাদের মেরুদণ্ড আছে কী নাই, তা প্রমাণের এটিই ভালো সময়। এই পৌরসভা নির্বাচনেই প্রমাণ হবে কমিশন স্বাধীন না পরাধীন।’ বুধবার বনানী কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির যোগ দেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী। এরশাদ বলেন, নির্বাচনে ইউএনও, এডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কি সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন? তারা সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন কি-না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না রাখায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমপিদের নির্বাচনী প্রচারণায় সুযোগ না দিয়ে ভালোই করেছে নির্বাচন কমিশন। এখন প্রার্থীরা নিজ যোগ্যতায় বেরিয়ে আসতে পারবেন। তবে নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু হবে কি-না, এনিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশিত ও মীর আব্দুস সবুর আসুদ এ সময় উপস্থিত ছিলেন।











