আখাউড়া পৌরসভা নির্বাচন : আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত সিদ্ধান্তহীনতায় বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনর তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে শুরু করেছেন। এ পর্যন্ত মেয়র পদে ৮জন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীই বেশি। এদিকে মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামীলীগ থেকে আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য তাকজিল খলিফা কাজলকে মনোনয়ন দিয়েছে। তবে বিএনপি এখন পর্যন্ত একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জানা গেছে, আওয়ামীলীগ থেকে ৩ জন মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এরা হলেন আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলগের সদস্য তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোবারক হোসেন রতন এবং আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খাদেম। তিনজনের মধ্যে তাকজিল খলিফা কাজলকে স্থানীয়ভাবে সমর্থন দিয়ে আওয়ামীলীগের কেন্দ্রে নাম পাঠানো হলে গত মঙ্গলবার আনুষ্ঠানিক সভার তাকজিল খলিফা কাজলকে মনোনয়ন দেয় আওয়ামীলীগ।
এদিকে সম্প্রতি আখাউড়া উপজেলায় পুলিশ অভিযান ৪ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর মাঝেও পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বিএনপি থেকে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য ২ জন প্রার্থী দলের কাছে আবেদন করেন। এরা হলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মন্তাজ মিয়া। বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ একাধিক সভা করেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জেলা বিএনপিকে একক প্রার্থী ঘোষণা করতে অনুরোধ জানানো হয়েছে। আওয়ামীলীগ ও বিএনপির মেয়র প্রার্থী ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন, পদত্যাগকারী ওয়ার্ড বিএনপি নেতা মশিউর রহমান বাবুল এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া কমিটির আহবায়ক মো: সালাহ উদ্দিন চৌধুরী সুমন। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয় পত্র সংগ্রহ করেছেন।
আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, স্থানীয় ভাবে আমরা তাকজিল খলিফা কাজলের নাম প্রস্তাব করে কেন্দ্রে প্রেরণ করেছি।
আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, এখনও একক প্রার্থী চূড়ান্ত করতে পারিনি। জেলা বিএনপির সহযোগিতা নিয়ে অচিরেই প্রার্থী ঘোষণা করা হবে।











