বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাপা আতঙ্কে সারাদেশ : ২৪ ঘন্টায় ১৫ খুন

news-image

খুন আতঙ্ক বিরাজ করছে সারাদেশ। কখন কে কোথায় কীভাবে খুনের শিকার হন সে আশঙ্কায় উদ্বেগ্ন-উৎকণ্ঠা দেশজুড়ে। কখনো গুলিতে কখনো কুপিয়ে কখনও আবার পিটিয়ে হত্যা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৫ জন খুনের শিকার হয়েছে।
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক শিক্ষককে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বারহাট্টা থানার ওসি সালেম-উজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনাশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অর্জুন বিশ্বাস (৪২) মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই উপজেলার রামপুর দশাল গ্রামের বাসিন্দা।
র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চাঁপাইনবাবগঞ্জে তোফয়েল আহমেদ মিলন (২৮) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার মোবাশ্বের রহিম জানান, সদর উপজেলার চক আলমপুরে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত রাজমিস্ত্রি মিলন সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের ছেলে বলে সদর থানা পুলিশ জানিয়েছে।
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকায় জমির উদ্দিন (২২) নামের এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুরে হরণি ময়নাবস্তি এলাকায় লাশটি পাওয়া যায় বলে বিজিবি জানিয়েছে। নিহত জমির হরণি ময়নাবস্তি এলাকার রইছ মিয়ার ছেলে।
যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ‘ডাকাত’ (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের রহমতপুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
যশোর ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাশমী জানান, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত যশোর-ঝিনাইদহ মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রাজশাহীর চারঘাট উপজেলায় গাছ থেকে নারিকেল নামানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রুপা বেগম (৪০) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বালাদিয়াড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপা বেগম ওই এলাকার রহিদুল ইসলামের স্ত্রী। পরে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।
কুমিল্লার তিতাস উপজেলায় এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম শিমু আক্তার (১৭)। বাড়ি উপজেলার নাগেরচর গ্রামে। শিমুর আটক হওয়া স্বামীর নাম মো. হাছান। তাঁর বাড়ি উপজেলার দাসকান্দি গ্রামে। এই দম্পতির একটি শিশু কন্যা রয়েছে।
চোরাচালানি সন্দেহে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় গতকাল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের গুলিতে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। অন্য একটি ভ্যানের চালক আহত হন। এ ঘটনায় এপিবিএনের মাইক্রোবাস উল্টে এএসপিসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিখোঁজের পাঁচ মাস পর গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিন্টু বেপারীর (২৭) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী মিন্টু। তিনি সদরপুর উপজেলার নয়রশি গ্রামের দুলাল বেপারীর ছেলে। নিখোঁজের পর তাঁর মা শিউলি বেগম প্রথম সদরপুর থানায় সাধারণ ডায়েরি করেন এবং পরে আদালতে একটি অপহরণ মামলা করেন।
কেরানীগঞ্জে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকার একটি কলাবাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের তিন সহকর্মীকে আটক করা হয়েছে।
নিহত নুরুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ সদরের দাসুরিয়া এলাকায়। তাঁর বাবার নাম নেয়ামত আলী।
গাইবান্ধার সাদুল্লাপুরে রবিউল ইসলাম (৩৮) নামে সম্ভাব্য এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী খুন হয়েছেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে উপজেলার হিংগারপাড়া এলাকার একটি মাঠের ইউক্লিপটাস গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।  নিহত রবিউল উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আবুল কাশেম ওরফে ওয়াজেদ মুন্সির ছেলে।
লালমনিরহাট শহরের বানিয়ারদিঘি হালাবটেরতল এলাকায় মঙ্গলবার সকালে ইজি-বাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীরা চালকের ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার মহেন্দ্রনগর কাশিপুর এলাকার সাইফুল ইসলামের পুত্র ইজিবাইক চালক বাবলু প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে শহরের বানিয়ারদিঘি এলাকার হালাবটেরতলে ধানক্ষেতে এলাকাবাসী তার গলা কাটা লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সাদুল্যাপুরের ধাপেরহাটে রবিউল ইসলাম (৩৮) নামের এক সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীকে হত্যা করেছে র্দুর্বৃত্তরা। হিঙ্গারপাড়ার এক নির্জন পাতারের চান মিয়ার জমিতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রবিউলকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে ইউক্যালিপটাস গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
নগরীর কাউনিয়া এলাকায় ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নিজের গলাকেটে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন- রাজমিস্ত্রী আবদুল খালেক (৪০) ও তার স্ত্রী আইনজীবী সহকারী (মুহুরী) মুকুল বেগম (৩৫)। তারা ছিলেন নি:সন্তান। কাউনিয়া প্রথম গলিতে ছত্তার ম্যানসন নামক একটি বাড়ির টিনশেড ঘরে ভাড়া থাকতেন এ দম্পতি।
ময়মনসিংহের ভালুকার পল্লী থেকে মঙ্গলবার দুপুরে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে মডেল থানাপুলিশ। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তামাট গ্রামের আক্কাস আলীর (আক্কুর) মেয়ে বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও চলতি ডিগ্রি পরীক্ষার্থী মহিমা আক্তারকে বাড়িতে রেখে সোমবার সন্ধ্যায় তার বাবা-মা পার্শ্ববর্তী ঢাকুরিয়া গ্রামে তার নানার বাড়ি যান।
মঙ্গলবার রাত ৯টার সময় বাড়ি এসে মহিমাকে না পেয়ে তারা আশপাশের বাড়িসসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন তাদের গোয়ালঘরের পিছনে মহিমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দুপুরে মডেল থানার ওসি মামুন অর রশিদ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।

 

আমাদের সময়.কম