‘বাংলাদেশের যুদ্ধাপরাধীরা নিষ্পাপ’
‘বিএনপি ও জামায়াতের দুই নেতার ফাঁসি কার্যকর একটি বিচারিক হত্যাকা- । বাংলাদেশের বর্তমান সরকার দখলদার সরকার। প্রায় ৪৫ বছর আগে যে সব রাজনৈতিক নেতা তাদের তৎকালীন সরকারের (পাকিস্তান) প্রতি আনুগত্য প্রকাশ করেছিল এবং অভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপের বিরোধিতা করেছিল, তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশ সরকার।’
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হবার পর এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রালয় সম্পর্কিত সিনেট কমিটির চেয়ারম্যান রেহমান মালিক।
এমনকি তিনি তাদের জীবন রক্ষায় শিগগিরই জাতিসংঘের মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করছেন। মানবতাবিরোধী অপরাধে দেওয়া মৃতুদ-ের ঘটনাগুলো তদন্তে তিনি কমিশনের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ইউএনএইচআরসি’র হাই কমিশনার প্রিন্স জেইদ বিন রাদ আল হুসেইনকে লেখা এক চিঠিতে তিনি এমন আরো অনেক কথা লিখেছেন।
পাকিস্তান সমর্থক সাকা-মুজাহিদের বিরুদ্ধে গণহত্যাসহ যে সব অভিযোগ আনা হয়েছিল, সেগুলো সাজানো উল্লেখ করে মালিক চিঠিতে বলেন, তারা নয়, বরং ভারত সমর্থিত মুক্তিযোদ্ধারাই গণহত্যায় জড়িত ছিল। ইতিমধ্যে তিনি এই ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন। বাংলাদেশের যুদ্ধাপরাধীরা ‘নিষ্পাপ’ এমন মন্তব্যও করেছেন তিনি।
তিনি লিখেছেন, পাকিস্তানের জনগণ বেশ উদ্বেগ ও গভীর মনস্তাপের সঙ্গে এই দুর্ভাগ্যজনক মৃত্যুদ- প্রত্যক্ষ করেছে এবং আমরা একে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছি। ১৯৭১ সালের ঘটনায় বাংলাদেশে যে ত্রুটিপূর্ণ বিচার চলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সে বিষয়ে নিশ্চুপ ভূমিকায়ও পাকিস্তান উদ্বিগ্ন।
গত ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদানের কথা উল্লেখ করে বলেছিলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনারা যুদ্ধ করেছিল। কোনো প্রত্যক্ষদর্শীই এ কথা বলতে সক্ষম ছিল না যে, এটা ভারতীয়দের রক্ত আর এটা মুক্তিযোদ্ধাদের রক্ত।
মালিক বলেন, মোদির এ বক্তব্যই প্রমাণ করে পাকিস্তানের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করেছিল ভারত। তার মতে, জাতিসংঘ ও এর মানবাধিকার কমিশনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনোভাবেই মোদির এই বক্তব্য এড়িয়ে যাওয়া উচিৎ হবে না যে, ১৯৭১ সালে যে হত্যাকা- ঘটেছিল তাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ ও প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম সরাসরি হস্তক্ষেপ করেছিল। বেসামরিক নাগরিক হত্যা ও পাকিস্তানকে খন্ডিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচারকে ‘জঘন্য অপরাধ’ মন্তব্য করে পকিস্তানের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই জঘন্য অপরাধমূলক কাজকে এড়িয়ে যেতে থাকে, তাহলে বাংলাদেশ সরকার তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যে নীতিতে চলছে, তা থেকে সরে আসবে না। বরং বিচারের জন্য অপেক্ষমান রাখা এসব রাজনৈতিক নেতাকেও একইভাবে হত্য করা হবে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দ-িত ব্যক্তিদের রায় কার্যকর করার পর থেকে বেশ কয়েকবার প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান।











