বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসিসহ ৮জনকে হত্যার হুমকি : রাবিতে নিরাপত্তা জোরদার

news-image

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে পত্রের মাধ্যমে হুমকি দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশিষ্টজনেরা। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়ায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

রাবির প্রক্টর প্রফেসর তারিকুল হাসান হুমকির বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে ভিসির দপ্তরে ডাকযোগে একটি চিঠি আসে। চিঠির ভেতরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্যাডে রাবির ভিসিসহ রাজশাহীর আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়া হয়। 


 
ভিসিকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের মুক্তমনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের প্রথিতযশা শিক্ষক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে হুমকি দেয়া হচ্ছে। আমরা আশা করি, সরকার ও পুলিশ প্রশাসন এসব হুমকিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।

 

রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বাংলামেইলকে বলেন, অশুভ শক্তিরা বারবার মুক্তবুদ্ধি ও মুক্তচর্চার সঙ্গে জড়িত মানুষদের হুমকি দিচ্ছে। একের পর এক হত্যার হুমকি দেয়ার ঘটনায় গোয়েন্দা সংস্থার সদস্যরা এখন পর্যন্ত কোনো হুমকিদাতাকে ধরতে পারেনি। তাদের চিহ্নিত করতে না পারলে যে কোনো সময় অঘটন ঘটে যাবে। 

 

সাংস্কৃতিক কর্মীদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্যারকে কয়েকদিন আগে মুঠোফোনে হুমকি দেয়ার পর আবারো নতুন করে হত্যার হুমকি দেয়া হলো। একই সঙ্গে সারাদেশেই এমন হুমকি দেয়ার ঘটনা ঘটছে। জরুরি ভিত্তিতে এর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

মতিহার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হুমকি দেয়া চিঠিটির কপি আমার হাতে এসেছে। প্রক্টরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ মুহূর্তে পুলিশি টহল এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

এর আগে গত সোমবার রাবি উপাচার্যসহ রাজশাহীর আট বিশিষ্টজনকে একই ধরনের একটি চিঠি আনসার আল ইসলামের (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) প্যাডে রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকা অফিসে পাঠানো হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, কথাশিল্পী হাসান আজিজুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারসহ আটজনকে হত্যার হুমকি দেয়া হয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে