অনলাইন নীতিমালা চুড়ান্তে বৈঠক আজ
জাতীয় অনলাইন নীতিমালা-২০১৫ চুড়ান্তকরণে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল তিনটায় এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। অনলাইন নীতিমালার খসড়ার ওপর সর্বসাধারণের মতামতের জন্য চলতি বছরের ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণমাধ্যম এবং গণমাধ্যমের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা (স্টেকহোল্ডাররা) অনলাইন নীতিমালার খসড়ার উপর তাদের মতামত দিয়েছেন। জমা হওয়া মতামতগুলোর পরিপ্রেক্ষিতে অংশীজনদের নিয়ে বৈঠক করার মাধ্যমে নীতিমালা চুড়ান্ত করতে চান মন্ত্রী।
এর আগে অনলাইন নীতিমালার জন্য প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মাদকে প্রধান করে একটি কমিটি গঠণ করা হয়। সেই কমিটি থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের নেতৃত্বে গঠিত একটি উপ-কমিটি গঠন করা হয় খসড়া নীতিমালার জন্য। উপ-কমিটি খসড়া নীতিমালা জমা দিলে মূল কমিটি আলোচনা করে চুড়ান্ত খসড়া নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়। মন্ত্রণালয় সেটি ওয়েব সাইটে প্রকাশ করে মতামত আহ্বান করে। এখন নীতিমালার চুড়ান্ত করণে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।











