ভারতের সম্মতি ছাড়া ভুটান থেকে জলবিদ্যুৎ কেনা যাবে না
ভুটানের সঙ্গে নৌপথে ট্রানজিট চুক্তি করতে গেলে নদী খনন করতে হবে। সে জন্য বিশ্বব্যাংক থেকে সহজ শর্তের ঋণ পেতে চায় বাংলাদেশ। কিন্তু ভারত না চাইলে বিশ্বব্যাংক ঋণ দেবে না। বাংলাদেশ নিজেই এমন আশঙ্কা করছে। আবার ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। সে ক্ষেত্রেও দরকার ভারতের সম্মতি। ভুটান এরই মধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, জলবিদ্যুতের জন্য শুধু ভুটানের সঙ্গে চুক্তি করলেই হবে না। করতে হবে বাংলাদেশ-ভুটান-ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি।
বাংলাদেশ-ভুটান বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠককে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি করা অবস্থানপত্রে এ বিষয়গুলো উঠে এসেছে। আজ মঙ্গলবার ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ১৭ সদস্য ও ভুটানের অর্থনীতি-বিষয়ক সচিব দাশো ইয়াশি ইয়াংদি ১০ সদস্যের দলের নেতৃত্ব দেবেন।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ভৌগোলিক কারণেই ভুটানের কোনো বিষয়ে ভারত প্রসঙ্গ চলে আসে। আর উপ-আঞ্চলিক সহযোগিতার জন্য বড় দেশ হিসেবে অবশ্যই ভারতের সহযোগিতা লাগবে। সম্প্রতি বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবি আইএন) কাঠামোর আওতায় মোটর-ভেহিকল (যাত্রী ও কার্গো) চুক্তি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অবস্থানপত্র বলছে, এই চুক্তিই যথেষ্ট নয়। দরকার এখন দ্বিপক্ষীয় ট্রানজিট চুক্তি। সে কারণেই এ দফায় বৈঠক হচ্ছে ভুটানের সঙ্গে। তবে সচিব পর্যায়ের বৈঠকের মূল আলোচনা নৌপথে ট্রানজিটকে ঘিরে হবে বলে জানা গেছে।
ভুটানকে ট্রানজিট দিতে গেলে নদী খনন করতে হবে। দুটি পথও নির্ধারণ করা হয়। একটি চট্টগ্রাম-চাঁদপুর-মাওয়া-আরিচা-সিরাজগঞ্জ-দৈখাওয়া। অন্যটি মংলা-কাওখালি-বরিশাল-চাঁদপুর-মাওয়া-আরিচা-চিলমারি-দৈখাওয়া। নৌ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছে, শুষ্ক মৌসুমে পানি থাকে না বলে নদী খনন করতে হবে। বিশ্বব্যাংক থেকে সহজ শর্তের ঋণ নিয়ে ওই খনন করা যায়। কিন্তু ভারত না চাইলে বিশ্বব্যাংক ঋণ দেবে না।
গবেষণা সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক ফর ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের (এসএএনইআই) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, শুধু বিশ্বব্যাংক নয়, এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) এখন দুই বা তারও বেশি দেশের সঙ্গে সংযোগ স্থাপনে ঋণ দিতে আগ্রহী। এটা খারাপ কিছু না।
২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে ১৯ লাখ ১০ হাজার ডলারের পণ্য। একই সময়ে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে ২ কোটি ২৫ লাখ ডলারের পণ্য। বাংলাদেশকে ৯০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় ভুটান। প্রধান পণ্য হচ্ছে তৈরি পোশাক, মেলামিন সামগ্রী, লিচু, আমের জুস, ওষুধ ও প্রসাধন সামগ্রী। আর ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় বাংলাদেশ। তাজা ফল, নির্মাণসামগ্রী, সিমেন্টের কাঁচামাল, মসলা ও বড় পাথর আমদানি হয় দেশটি থেকে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, ভুটান ছোট অর্থনীতির দেশ হলেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তার পাশেই রয়েছে বড় অর্থনীতির দেশ ভারত। অমীমাংসিত কিছু বিষয়: বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, ভুটানে আপেলের জুস ও হাতঘড়ি রপ্তানি করতে আগ্রহী বাংলাদেশ। আগের বৈঠকে প্রস্তাব দেওয়া হলেও ভুটান কিছু জানায়নি। বর্তমানে বাংলাদেশি ব্যবসায়ীরা ভুটানে মাত্র ১৫ দিনের ভিসা পান। বাংলাদেশ চায় ৩০ দিনের।
জলবিদ্যুৎ আমদানির প্রস্তাবে ভুটান রাজি হয়েও এগোচ্ছে না। দেশটি বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠাবে বলেও পাঠায়নি। ঢাকা চেম্বারের সঙ্গে ভুটান চেম্বারের ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সঙ্গে ভুটান স্ট্যান্ডার্ড ব্যুরোর (বিএসবি) এমওইউ হওয়ার কথা থাকলেও হয়নি।
ট্যুরিজম কাউন্সিল অব ভুটানের (টিসিবি) সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) কাজ করতে আগ্রহী। ভুটান বিপিসিতে শিক্ষার্থী পাঠাবে বললেও পরে আর পাঠায়নি। এ ছাড়া বাংলাবান্ধা ও নুনখাওয়া শুল্ক স্টেশনকে অতিরিক্ত এক্সিট পয়েন্ট ও এন্ট্রি পয়েন্ট চায় ভুটান।
সেলিম রায়হান বলেন, ভুটানসহ চার দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিবি আইএন একটি ভালো উদ্যোগ। তবে ভারতের ছাড় দেওয়ার মানসিকতার ওপরই নির্ভর করবে চার দেশের সহযোগিতার হাত কতটা মজবুত হয়।











