পৌর নির্বাচনে কি মাঠে দাঁড়াতে পারবে বিএনপি?
বিএনপি নেতারা বরাবরই মামলা-মোকাদ্দমা ও গ্রেফতারের গন্ডিতে বন্দি। দলটির নেতাদের দাবি হয়রানিমূলক মিথ্যা মামলার দায় তাদের ঘাড়ে। আর এসব মামলার জটলা থেকে বেরিয়ে দলের হয়ে কাজ করাটাই যেন তাদের কাছে বড় অন্তরায়। আসন্ন পৌর নির্বাচনে ২৩৪টি আসনেই লড়তে চায় বিএনপি। কিন্তু দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, সরকার দলীয় প্রার্থীদের হামলা, নতুন মামলা ও পুলিশি বাধার মুখে পড়ে আবারো হয়রানির শিকার হতে হবে বিএনপি সমর্থীত নেতাকর্মীদের।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মনে করেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, জনগণ যদি ভোট দেবার সুযোগ পায়, তাহলে বলার অপেক্ষা রাখে না বিএনপি সামর্থীত প্রার্থীরাই জয়ী হবেন। মামলার বিষয়ে তিনি বলেন, মামলার বিষয়টি বিএনপির জন্যে একটি বড় অন্তরায়। ইতিমধ্যেই আমাদের অনেক প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনও একই অভিযোগ করেছেন বিবিসি বাংলাতে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে
তিনি উল্লেখ করেছেন, ৩০শে ডিসেম্বর যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার দুই দিন পরেই বাংলাদেশে ৫০ লাখ তরুণ ভোটার নতুন করে ভোটার লিষ্টে যোগ হবেন। দুই দিন আগে নির্বাচনটি অনুষ্ঠিত হলে দেশের ৫০ লাখ নতুন প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারতেন।
তিনি বলেছেন, এই ব্যাপারে আমাদের দলের কিছু পর্যবেক্ষণ আছে। সেগুলো নিয়ে নির্বাচন কমমিশনকে একটি চিঠি দেওয়ার সিন্ধান্ত নিয়েছি। ৫০ লাখ নতুন ভোটারদের ভোটের সুযোগ থাকবে কি থাকবে না এই ইস্যূকে একটি বড় বিষয় হিসেবে দেখছে বিএনপি।
সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান বলেন, বিএনপি এখন যে সংকটে পড়েছে এটা বিএনপির বর্তমান কোন ভুলের কারণে নয়। তাদের পূর্ববর্তী আন্দোলন কর্মসূচির কৌশলগত ভুলের জন্য। এখন যদি তারা অর্থাৎ বেগম খালেদা জিয়া ঘোষণা দেন আমরা নির্বাচনে যাবো, আমাদের যা শক্তি আছে তাই নিয়ে নির্বাচন করবো এবং এখন থেকে আর কোন এমন আন্দোলন করবো না যেটাতে সরকার সুযোগ পায় নেতাকর্মীদের জেলে ঢোকানোর। এমনটা করতে পারলে হয়তো বিএনপি বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে পারবে।
সিলেটের পৌর নির্বাচনী মাঠে নামেনি বিএনপি। তফসিল ঘোষণা হলেও বিএনপির প্রার্থীরা মাঠে নামবেন কি-না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তবে, মাঠ সরগরম করে রেখেছেন আওয়ামী লীগের কর্মীরা। তাদের সঙ্গে আছেন স্বতন্ত্ররাও। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সিলেটে পৌর নির্বাচনের লেবেল-প্লেয়িং অবস্থা নেই। বহু নেতা-কর্মী কারাগারে। আর যারা এলাকায় রয়েছেন তারাও মামলায় জর্জরিত। প্রকাশ্য বের হওয়ার সাহস পাচ্ছেন না। ফলে নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা কোনো ভাবেই সম্ভব নয়। তবে আওয়ামী লীগ বলছে, সিলেটের পৌর সভার নির্বাচনী মাঠ নিরপেক্ষ রয়েছে। স্বস্তিকর অবস্থা থাকায় ইতিমধ্যে বিএনপি থেকে একাধিক প্রার্থী মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।
এছাড়াও কিশোরগঞ্জ, রাজশাহী, গোপালগঞ্জের জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভার বিএনপি প্রার্থীরা রয়েছেন আতঙ্কে। এ দুটি পৌর সভায় আওয়ামী লীগের প্রার্থীরা সরব থাকলেও বিএনপি প্রার্থীরা অন্তরালে থেকে প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও খবর নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, বরিশাল, বগুড়া, গাইবান্ধাসহ দেশের বেশিরভাগ জেলার বিএনপি সমর্থীত প্রার্থীরা প্রকাশ্যে না থেকে অন্তরালে কাজ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাই হলে কোনো দলেরই প্রকৃত জনপ্রিয়তা বোঝা যাবে না এমনটি বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা না করা নিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নির্বাচন কমিশনকেও।
তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ প্রসঙ্গে বলেন, এটি বড় নির্বাচন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন বাহিনীর সঙ্গে সভা করেই সে বিষয়টি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, সবার জন্য নির্দেশ হচ্ছে আইনসম্মতভাবেই কাজ করতে হবে। পৌর নির্বাচনে আগের চেয়ে আরও দ্রুত অ্যাকশন নেব। ব্যালট চুরি, ছিনতাইয়ের কোনো রকম তথ্য পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া হবে।











