পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ২/১দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত জানা যাবে ২/১ দিন পর। দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বৈঠক হয় তাতে কোন সিদ্ধান্ত হয়নি।
বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের মূখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের কাছে শীর্ষ নেতারা পৌর নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার ব্যাপার মত প্রকাশ করেছেন। চেয়ারপারসন এই মতামত মূল্যায়ন করে দুই একদিনের মধ্যে জানাবেন। পরে তা গণমাধ্যমে জানানো হবে।
পৌর নির্বাচন ছাড়াও দল পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি, দলের কাউন্সিল, রাজনৈতিক পরিস্থিতি, নেতা-কর্মীদের কারাগারে থাকার বিষয়সহ নানা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচান হয়েছে বলেও তিনি জানান।
এর আগে বুধবার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টায়। এতে বিএনপির চলমান সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া, কাউন্সিল, পৌর নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আ স ম হান্নাহ শাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. ওসামন ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহাজাহান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চোখ ও পায়ের চিকিৎসার জন্য দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ একপ্রকার বিশ্রামেই ছিলেন তিনি। এ সময় কোনো নেতাই তার সাক্ষাৎ পাননি। দীর্ঘ ৭১ দিন পর মঙ্গলবার রাতে তিনি নিজ কার্যালয়ে আসেন। রাইজিংবিডি











